২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগেই অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণ সম্ভব: দাবি মন্ত্রীর

অ্যানথ্রাক্সের বিস্তার রোধে আগামী ঈদুল আযহার আগে সারাদেশে ব্যাপকভাবে প্রতিষেধক কার্যক্রম শেষ করা সম্ভব নয়। এ কারণে সরকার আপাতত: আক্রান্ত আটটি জেলার ১৮টি উপজেলায় এ কার্যক্রম চালাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 11:16 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্সের বিস্তার রোধে আগামী ঈদুল আযহার আগে সারাদেশে ব্যাপকভাবে প্রতিষেধক কার্যক্রম শেষ করা সম্ভব নয়। এ কারণে সরকার আপাতত: আক্রান্ত আটটি জেলার ১৮টি উপজেলায় এ কার্যক্রম চালাবে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এসব উপজেলায় প্রতিষেধক কার্যক্রম শেষ করা হবে। এতে আগামী ঈদুল আযহার আগেই অ্যানথ্রাক্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণ সম্পর্কিত এক আন্ত:মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে তিনি একথা জানান। এ সময় মন্ত্রণালয়ের সচিব শরফুল আলম ও প্রাণিসম্পদ বিভাগের মহাপরিচালক (ডিজি) আশরাফ আলী উপস্থিত ছিলেন। সভায় অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনায় আব্দুল লতিফ বিশ্বাসের নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট একটি জাতীয় স্টিয়ারিং কমিটি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবের (প্রশাসন) নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কারিগরি কমিটি গঠন করা হয়। এছাড়াও সভায় বিভাগ পর্যায়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট, জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে ১৪ সদস্যবিশিষ্ট, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। উপজেলা পর্যায়ের কমিটিতে স্থানীয় সংসদ সদস্যরা প্রধান উপদেষ্টা এবং উপজেলা চেয়ারম্যানরা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, "আক্রান্ত ১৮টি উপজেলায় গরু, মহিষ, ছাগল ও ভেড়াজাতীয় সকল পশুকে ভ্যাকসিন দেওয়া হবে। জাতীয় স্টিয়ারিং কমিটি হওয়ায় এখন থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মীদের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলেই এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।" তিনি জানান, এখন থেকে দেশের সীমান্ত এলাকার ১০টি করিডোরের চেক পোস্টে পশুসম্পদ চিকিৎসক (ভেটিরিনারি সার্জন) নিয়োগ করা হবে। এসব স্থানে সকল পশুর স্বাস্থ্য পরীক্ষা করে তবে দেশে ঢোকানো হবে। "এছাড়াও দেশের প্রতিটি হাট-বাজারে পশু ও পশুর মাংসের ওপর পর্যবেক্ষণ জোরদার করা হবে। আক্রান্ত পশু বা পশুর মাংস হাট বা বাজারে বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফলে দু'মাস পর ঈদুল আযহার আগেই অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মানুষ নির্দ্বিধায় কোরবানীর পশুর মাংস খেতে পারবে", তিনি বলেন। মন্ত্রী জানান, আটটি জেলার ১৮টি উপজেলায় ২৫ লাখ পশুর জন্য ২৫ লাখ ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। এসব জায়গায় এ পর্যন্ত ১৯ লাখ ভ্যাকসিন পাঠানো হয়েছে। চাহিদা অনুযায়ী বাকী ভ্যাকসিনও দ্রুত পাঠানো হবে। তিনি বলেন, "এ ভ্যাকসিন কার্যক্রম অস্থায়ী। সরকার অ্যানথ্রাক্সের বিস্তার রোধে স্থায়ী কার্যক্রমও নেবে। এজন্য কারিগরি কমিটির সুপারিশ ও পরিকল্পনা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাদের সুপারিশ, পরামর্শ ও পরিকল্পনা হাতে পেলেই সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কার্যক্রম শুরু করবে।" এদিকে সভায় উপস্থিত মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, বর্তমান জনবল এবং অবকাঠামো সুবিধা দিয়ে সারাদেশে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেওয়া কার্যক্রম শেষ করতে এক বছর সময় লাগবে। তাই কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭০৭ ঘ.