২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোলিও টিকা: অভিভাবকদেরকে উদ্বুদ্ধকরণ কর্মসূচি

পোলিও টিকা ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের নামের তালিকা তৈরি করছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল এর স্বাস্থ্যকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 04:12 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোলিও টিকা ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের নামের তালিকা তৈরি করছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল এর স্বাস্থ্যকর্মীরা। পোলিও রোগমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রাজধানীর ধানমণ্ডি ও আশপাশ এলাকায় এই শিশু তালিকাভূক্তির পাশাপাশি অভিভাবকদেরকে উদ্বুদ্ধকরণ কর্মসূচীও চলছে। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটালের (জে.বি.এফ.এইচ) পরিচালক মাহাবুবুল আলম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় টিকা দিবস উপলক্ষে ধানমণ্ডি ও আশপাশে প্রতিটি বাড়িতে ৮ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচী চলবে। কর্মসূচী শুরু হয়েছে ২৫ ডিসেম্বর। জে.বি.এফ.এইচ-এর শিশু বিশেষজ্ঞ ডা. বাকী বিল্লাহ্, অধ্যাপক হাবিবুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. তাজুল ইসলাম, আ. বারী এবং জে.বি.এফ.এইচ ভ্যাকসিনেশন সেন্টার এর ভ্যাকসিনেটর মাহবুব এই কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন। মাহাবুবুল আলম বাবু জানান, স্বেচ্ছা কর্মীরা ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ২১৭টি বাড়ির ১৭২৫ টি পরিবারে গেছে এবং ৫ বছর বয়স পর্যন্ত ৭২৫ টি শিশুর নাম তালিকাভুক্ত করেছে। এ ছাড়া পোলিও টিকা একেবারেই খায় নাই এমন ১৯ টি শিশুকেও তালিকাভুক্ত করা হয়েছে। জে.বি.এফ.এইচ স্বাস্থ্য কর্মীদল বাড়ী বাড়ী গিয়ে অভিভাবকদেরকে শিশুর টিকা সম্পর্কিত নানা বিষয় অবহিত করছে। বাবু বলেন, "ধানমণ্ডির প্রায় ৭০০০ বাড়ী ও ফ্ল্যাটে ৫ বছর বয়স পর্যন্ত ৩৫০০ শিশুর জন্য পোলিও টিকার বার্তা নিয়ে উপস্থিত হচ্ছে স্বেচ্ছাকর্মীরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/২২০৬ ঘ.