ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ে পাঁচ বছর মেয়াদি নতুন সেক্টর কার্যক্রম ২০১১ সালের ১ জুলাই থেকে শুরু হচ্ছে।
প্রস্তাবিত সেক্টর কার্যক্রমে ২০১৬ সালের মধ্যে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৩১, পাঁচ বছরের কমবয়সী শিশু মৃত্যুহার ৪৮ এবং নবজাতক মৃত্যুর হার ২১-এ এবং মাতৃমৃত্যুর হার প্রতি লাখ ১৪৩-এ নামিয়ে আনার লক্ষ্য ধরা হয়েছে।
প্রস্তাবিত কার্যক্রমের কৌশলপত্রের চূড়ান্ত সংস্করণে অন্তর্ভুক্তির জন্য কার্যক্রমের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণী অংশের চূড়ান্ত খসড়া উপস্থাপন ও মতবিনিময়ের জন্য বুধবার হোটেল শেরাটনে এক দিনব্যাপী কর্মশালার এ তথ্য জানানো হয়।
এতে শিশু জন্মহার (টিএফআর) ২০০৭ সালের দুই দশমিক সাত থেকে ২০১৬ সালে দুইয়ে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০০৭ অনুসারে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৫২, পাঁচ বছরের কমবয়সী শিশু মৃত্যুহার ৬৫।
কর্মশালার উদ্বোধনে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আফম রুহুল হক বলেন, "নতুন এ সেক্টর কার্যক্রমের নাম প্রাথমিকভাবে স্বাস্থ্য ও জনসংখ্যা সেক্টর উন্নয়ন কার্যক্রম (এইচপিএসডিপি) দেওয়া হলেও তা এখনও চূড়ান্ত নয়।"
তিনি জানান, এ কার্যক্রমের উদ্দেশ্য হলো বাংলাদেশের সব নাগরিকের স্বাস্থ্য অবস্থার উন্নয়ন এবং এক্ষেত্রে দরিদ্র, সুবিধাবঞ্চিত ও উপেক্ষিত জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দেওয়া।
স্বাস্থ্য সচিব মুহম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক দিলরুবা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান মো. আব্দুল মান্নান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশে ইউএসএআইডি কান্ট্রি অফিসের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক পরিচালক খাদিজাত মজিদি এবং স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কনসোর্টিয়ামের ভাইস-চেয়ারপার্সন নাদিয়া রশিদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১১১ ঘ.
bdnews24