২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লুতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত না হয়ে এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 08:35 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত না হয়ে এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "বাংলাদেশে সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সবাই সচেতন হোন।" এ বিষয়ে ভীতিকর সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "বাংলাদেশ সোয়াইন ফ্লুর হুমকির মধ্যে না থাকলেও এ বিষয়ে সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোয়াইন ফ্লুর বিস্তার ঘটেছে এমন কোনো দেশ থেকে কোনো ব্যক্তি এলে তাদের পরীক্ষা-নিরীক্ষা করতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য বন্দরকে নির্দেশ দেওয়া হয়েছে।" এ বিষয়ে তিনি আরো বলেন, "বুধবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে অন্যান্য বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।" স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিদ্যমান মনিটরিং সেল এ বিষয়ে কাজ করবে বলেও মন্ত্রী জানান। তিনি জানান, সোয়াইন ফ্লুতে আক্রান্তদের লক্ষণ হলো হাঁচি, কাশি ও জ্বর। বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে এসব লক্ষণ থাকলে তাদের পরীক্ষা করা হবে। যেখানে সেখানে হাঁচি-কাশি না দিতে বা থুথু না ফেলতে সবার প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাঁচি-কাশির সময় মুখে কাপড় বা টিস্যু দেওয়া এবং এরপর ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দেন। এ ভাইরাস দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহামারী সতর্কতার মাত্রা ৩ থেকে ৪-এ উন্নীত করেছে। মেক্সিকোতে এই ফ্লু'তে আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত ১৫৯ জন মারা গেছে এবং প্রায় ১৩ শ'রও বেশি লোক ভাইরাস সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রতিবেশী যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে ৫০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪০ জনই নিউ ইয়র্ক সিটির স্কুলছাত্র। আমেরিকা মহাদেশের বাইরেও ছড়িয়ে পড়েছে এই ফ্লু'। স্পেনে একজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। নিউজিল্যান্ডে তিনজনের দেহে সোয়াইন ফ্লু সংক্রমণের খবর পাওয়া গেছে এবং আরও ৮ জন আক্রান্ত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এজে/জিএনএ/১৪৩৫ ঘ.