ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিশেষজ্ঞ চিকিৎসকরা বললেন, বাংলাদেশে স্টেম সেল নিয়ে এখনই গবেষণা শুরু করা উচিত। কিডনি রোগসহ বিভিন্ন চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে কিডনি ফাউন্ডেশন, বাংলাদেশের ৪র্থ জাতীয় সম্মেলনে তারা এ কথা বলেন।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি এম এ মালেক অনুষ্ঠানে বলেন, "বাংলাদেশের হাজার হাজার মানুষ কিডনি, লিভার বা ফুসফুস অকেজো হয়ে মৃত্যুবরণ করে। এক্ষেত্রে উন্নত স্টেম সেল প্রযুক্তি প্রয়োগ করে সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা যেতে পারে। তাই এ বিষয়ে গবেষণা শুরু করা উচিত।"
তিনি বলেন, "দেশে মৃত লোকের কিডনি দ্রুত সংগ্রহ করে (ক্যাডাভারিক) তা সংযোজন ব্যবস্থা চালু হলে অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো সম্ভব।"
জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, "কিডনির মতো হৃদযন্ত্র ও লিভার রোগীর সংখ্যাও দেশে প্রচুর। বাংলাদেশে স্টেম সেল বা ক্যাডাভারিক পদ্ধতি চালু হলে চিকিৎসা ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জিত হবে।"
থাইল্যান্ডের স্টেম সেল বিশেষজ্ঞ ডা. ডব্লিও লিয়ানিন সাকসিরি বলেন, "ইতোমধ্যে ইঁদুর ও বানরের ক্ষেত্রে স্টেম সেল গবেষণায় সুফল পাওয়া গেছে। কিডনির ক্যান্সারের ক্ষেত্রে স্টেম সেল প্রতিস্থাপন করলে সুফল পাওয়া যাবে। তাছাড়া জটিল ও পুরনো কিডনি রোগে স্টেম সেল চিকিৎসা ব্যবহার করলে সুফল পাওয়া যেতে পারে।"
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, "বাংলাদেশে প্রতি বছর ৪০ হাজার মানুষ কিডনি বিকল হয়ে মারা যায়। দেশে ক্যাডাভারিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট ব্যবস্থা চালু হলে বিরাটসংখ্যক রোগীর দাতা সঙ্কটের সমাধান হবে। বিএসএমইউতে একটি প্রত্যঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র স্থাপনের চিন্তাভাবনা চলছে যেখানে স্টেম সেল নিয়ে গবেষণার সুযোগ সৃষ্টি হতে পারে।"
জার্মান চিকিৎসক সিজি বুর্গ বলেন, "যেসব কিডনি রোগীর টিস্যুর সঙ্গে দাতার টিস্যুর মিল থাকে না কিন্তু রক্তের গ্র"পের মিল থাকে তাদেরকেও ক্যাডাভারিক করা যেতে পারে।"
তিনি উল্লেখ করেন উন্নত বিশ্বে কিডনি রোগীদের শতকরা ৮০ থেকে ৮৫ ভাগ কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয় মরণোত্তর কিডনি সংযোজনের মাধ্যমে।
কিডনি ফাউন্ডেশনের সভাপতি হারুন অর রশিদ বলেন, "বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে সচেতনতা তৈরির জন্যই কিডনি ফাউন্ডেশন প্রথমবারের মতো স্টেম সেল বিষয়টি নিয়ে আলোচনা করছে। কিডনি ফাউন্ডেশন আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব দিয়ে থাকে বলে প্রতি বছর নতুন নতুন প্রযুক্তি আনার উদ্যোগ নিচ্ছে।
এবারের সম্মেলনের মুল প্রতিপাদ্য হচ্ছে 'ক্রনিক কিডনি রোগে স্টেম সেল প্রতিস্থাপন: স্বপ্ন অথবা বাস্তবায়ন'। এতে জাপান, জার্মানি, থাইল্যান্ড ও ভারতের নয়জনসহ মোট আড়াই শতাধিক নেফ্রোলজি, ইউরোলজি এবং ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অংশ নেন।
স্টেম সেল বেশিরভাগ বহুকোষী প্রাণীর মধ্যে থাকে। এক ধরণের কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নবায়নের ক্ষমতা আছে এ স্টেম সেলের। স্টেম সেল প্রযুক্তি অনেক জটিল রোগের চিকিৎসাক্ষেত্রে বিরাট অবদান রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। স্টেম সেল ক্ষতিগ্রস্ত অঙ্গে প্রতিস্থাপন করলে তা থেকে সুফল পাওয়া যেতে পারে। তবে এ নিয়ে বিতর্ক রয়েছে কারণ স্টেম সেল ভ্র"ণ থেকে সংগ্রহ করা হবে। অবশ্য শিশুর জন্মের সময় প্ল্যাসেন্টা বা পরিপূর্ণ কোষ থেকেও স্টেম সেল সংগ্রহ করা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০৫৭ঘ.
bdnews24