পঞ্চগড়, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা গেলে শতকরা ৮৫ ভাগ যক্ষ্মারোগীই সম্পূর্ণ সুস্থ হতে পারে। এ ছাড়াও জীবাণু সংক্রমণ প্রতিরোধ করার মাধ্যমে যক্ষ্মা রোগ প্রতিরোধ করা সম্ভব।
শনিবার পঞ্চগড় পৌরসভা মিলনায়তনে যক্ষ্মা বিষয়ক এক আঞ্চলিক কর্মশালায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কেন্দ্রীয় ও পঞ্চগড় শাখা যৌথভাবে 'যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সুশীল সমাজের সামাজিক আন্দোলন' শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান মো. আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম বদরুজ্জামান ও নাটাব কেন্দ্রীয় কমিটির সদস্য কামালুজ্জামান। শামসুল মুক্তাদিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটাব পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক কাওছার আলী, তাহেরউদ্দিন, আনোয়ারুল ওয়ারেছ, ফারহানা সুলতানা প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ের নাটাব নেতারাসহ স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১১ ঘ.
bdnews24