২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিডিডিআরবিতে রোগির ভিড় চলছেই

কাদায় মাখামাখি মেঝেতে সারি সারি বিছানায় প্লাস্টিক বিছিয়ে শুয়ে আছে প্রায় অসাড় দেহে হাড্ডিসার মানুষ। হাতটা তুলবারও শক্তি নেই অনেকের। চামচে তুলে তরল খাইয়ে দিচ্ছেন স্বজনরা। হাসপাতালের কটু গন্ধ ছড়িয়ে পড়েছে বাইরেও। এ চিত্র আইসিডিডিআর,বির। অতিরিক্ত রোগির চাপে বিপর্যস্ত হয়ে পড়েছেন মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) চিকিৎসক ও সংশ্লিষ্টরা। মঙ্গলবার বিকেল সোয়া ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আইসিডিডিআর,বিতে ৮১৮ জন রোগি ভর্তি হয়েছেন। রাত ১২টার মধ্যে এ সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 08:54 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কাদায় মাখামাখি মেঝেতে সারি সারি বিছানায় প্লাস্টিক বিছিয়ে শুয়ে আছে প্রায় অসাড় দেহে হাড্ডিসার মানুষ। হাতটা তুলবারও শক্তি নেই অনেকের। চামচে তুলে তরল খাইয়ে দিচ্ছেন স্বজনরা। হাসপাতালের কটু গন্ধ ছড়িয়ে পড়েছে বাইরেও। এ চিত্র আইসিডিডিআর,বির। অতিরিক্ত রোগির চাপে বিপর্যস্ত হয়ে পড়েছেন মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) চিকিৎসক ও সংশ্লিষ্টরা। মঙ্গলবার বিকেল সোয়া ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আইসিডিডিআর,বিতে ৮১৮ জন রোগি ভর্তি হয়েছেন। রাত ১২টার মধ্যে এ সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। বৃষ্টিতে হাসপাতালের মুল ভবনের বাইরে তাঁবু টানিয়ে তৈরি বর্ধিতাংশের ভেতরে পানি ঢুকে পড়েছে। মেঝেতে থকথক করছে কাদা। দুর্ভোগ আরও বেড়ে গেছে রোগি ও স্বজনদের। এর মধ্যেও চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা ডায়ারিয়ার বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। উত্তরার আশকোনায় হজ ক্যাম্পেও সেনাবাহিনী ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুযায়ী গত ৩০ জুলাই থেকে এ পর্যন্ত ১৬ দিনে বন্যা কবলিত ৩৯ টি জেলায় বন্যাজনিত কারণে ৪৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় মারা গেছে আটজন। ৩০ জুলাই থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ১৬ দিনের বন্যায় সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৩০৭ জন। এর মধ্যে সোমবার রাত ১২ টা পর্যন্ত আইসিডিডিআর,বি চিকিৎসা দিয়েছে ১০ হাজার ২৫২ জনকে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরও জানানো হয়, সোমবার দুপুর ১টা থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ হাজার ৯৬২ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২ হাজার ৫৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৯ জন, রাজশাহী বিভাগে ৮০০ জন, বরিশাল বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ২১১ জন ও খুলনা বিভাগে ৪৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। রোববার রাজধানীতে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৬৯২ জন, সোমবারে তা বেড়ে দু'হাজার ৩৩১ জনে পৌঁছায়। ডায়রিয়া আক্রান্তের এ সংখ্যা আরও দু'তিনদিন বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা ধারণা করছেন। আইসিডিডিআর,বির স্বল্পমেয়াদী চিকিৎসা বিভাগের প্রধান ডা. আজহারুল ইসলাম খান বলেন, "রোগির যে চাপ তাতে মঙ্গলবার রাত ১২ টা নাগাদ দেড় হাজার হয়ে যেতে পারে। মারাত্মক ডায়রিয়া ও পানি শূন্যতা ছাড়া অপুষ্টি নিয়েও অনেক রোগি আসছেন এখানে।" তিনি বলেন, "রোববার রাত ১ টা থেকে সোমবার রাত রাত ১২টা পর্যন্ত ৯২২ জন রোগি ভর্তি হয়েছেন। আজ (মঙ্গলবার) অত্যন্ত চাপ চলছে। ইতোমধ্যেই (বিকেল সোয়া ৫টা) ৮১৮ জন রোগি ভর্তি হয়েছে।" হাসপাতালের এটেনডেন্ট আনোয়ার হোসেন বলেন, "ভাই আমাদের অবস্থা খুব খারাপ। আমরাও অসুস্থ হয়ে যেতে পারি। বুধবার থেকে কাজ করছি। ১৬ থেকে ২০ ঘণ্টা কাজ করতে হচ্ছে। গতকাল দুই ঘণ্টা ঘুমিয়েছি। ক্যান্টিনে খাচ্ছি।" সোমবার থেকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের পাশে আশকোনা হজ ক্যাম্পে সেনাবাহিনীর ৪৬ সশস্ত্র পদাতিক ব্রিগেডের ব্যাবস্থাপনায় জরুরি মোবাইল ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এ হাসপাতালে ৩২ জন রোগি চিকিৎসা নিয়েছে। ভর্তি থাকা ছয়জন রোগি ছাড়া বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছে। হজ ক্যাম্পের নিচ তলায় ৫০টি বিছানা পেতে এ হাসপাতাল চালানো হচ্ছে। সার্বক্ষণিক চিকিৎসার জন্য সেনাবাহিনীর চারজন ডাক্তার ও সাতজন নার্স রয়েছে। আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের বেশ কিছু ইন্টার্নি চিকিৎসকও আছেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ছয়জন ডাক্তার আর ছয়জন প্যারামেডিক রয়েছেন। হাসপাতালটি পরিচালনার দায়িত্বে আছেন লেফটেনেন্ট কর্নেল রোকনউদ্দীন। তিনি বলেন, "বন্যার্তদের চিকিৎসার জন্য এটা সেনাবাহিনীর উদ্যোগ। প্রয়োজনে এর পরিসর ও জনবল আরও বাড়ানো হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/এমএইচবি/০২৩৫ ঘ.