অলস শিশুরা ধারাবাহিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারে
অলস শিশুরা ধারাবাহিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারে। সম্প্রতি লন্ডনের কিছু গবেষক এ ব্যপারে অভিভাবকদের সতর্ক করে দিয়েছেন।
খুব বেশি দেরী হয়ে যাওয়ার আগেই সন্তানদের কর্মমুখর করে তোলার আহ্বান জানান তারা। লন্ডনের ডেইলি মেইলের অনলাইন সংস্করণে এ তথ্য প্রকাশ করা হয়।
লিচেস্টার বিশ্ববিদ্যালয়ের কমলেশ খুন্তি ও অন্যান্য গবেষকরা সাড়ে তিন হাজার ছাত্রের উপর গবেষনা চালিয়ে দেখেছেন, যারা বেশি সক্রিয় নয় তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়ার প্রবণতা বেশি।
খুন্তি বলেন, “এই গবেষণায় আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলোতে বাচ্চাদের মধ্যে কাজ করার প্রবণতা কম। অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ ও কমিউনিটি স্বাস্থ্য সেবার সাথে জড়িত যারা তাদের বিষয়টি নিয়ে ভাবা উচিত। আমাদের গবেষণায় দেখা গেছে, এসব অলস বাচ্চাদের পরবর্তীতে ডায়াবেটিস ও হৃদরোগের আশংকা রয়েছে।”
খুন্তি জানান, বিশেষ করে বৃটেনে যেসব দক্ষিন এশিয় বাস করেন তাদের মধ্যে ঝুঁকিটা বেশি।
জাংক ফুড, বিলাসবহুল জীবনযাপন ও অতিরিক্ত টেলিভিশন ও কম্পিউটারের ব্যবহার এই ধরনের ‘আলু মার্কা’ ছেলেমেয়ে তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন। এসব শিশুরা প্রতিযোগিতামূলক কোন খেলায়ও অংশ নেয় না।
আমেরিকান হার্ট এসোসিয়েশনের মতে, শিশু ও কিশোরদের প্রতিদিন কমপক্ষে ৬০ মিনিট কায়িক পরিশ্রম করা উচিত। পরিশ্রমের পরিমান যতো বাড়বে জীবনমানের প্রত্যাশাও তত বাড়বে এবং কমে যাবে হৃদরোগসহ অনেক অসুখের আশংকা।
