দীর্ঘ জীবনের জন্য দরকারি জিনের সন্ধান মিলেছে
গত ৭ দশক ধরেই ইঁদুর, কুকুর, ফলের মাছি এবং অন্যান্য প্রাণী সম্পর্কে গবেষণা করে বিজ্ঞানীরা জেনেছেন যে এদের মধ্যে যারা ক্ষুৎকাতর হলেই কেবল খাদ্যগ্রহণ করে তারা অতিভোজনকারী সহগোত্রীয়দের তুলনায় শতকরা ৪০ ভাগ বেশি বাঁচে।
কেন এরা বেশিদিন বাঁচে, সেই রহস্যই সম্প্রতি উন্মোচন করলেন বিজ্ঞানীরা। এই আবিষ্কার মানুষের দীর্ঘজীবন লাভেও হয়তো সহায়তা করবে।
বিজ্ঞানীরা বুধবার একধরনের কৃমি বা রাউন্ডওয়ার্মের মধ্যে এমন একটি জিনের সন্ধান পেয়েছেন যা সরাসরি ক্যালরি নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘ জীবন লাভে সহায়তা করে।
ক্যালিফোর্নিয়ার লা জোলাতে সক ইনস্টিটিউট ফর বায়োলজিকাল স্টাডিজ এর অ্যান্ড্রু ডিলিন এর নেতৃত্বে একদল গবেষক জানান, ফা-৪ নামের একটি জিন ভ্রুনের প্রাথমিক অবস্থায় নাড়িভুড়ি গঠনে কাজে লাগে, কিন্তু পূর্ন অবস্থায় এটা ক্যালরি সীমিতকরণের ভুমিকায় অবতীর্ন হয় ও এভাবে দীর্ঘজীবন লাভে সাহায্য করে।
ডিলিন বলেন, একই রকমের জিন মানবদেহেও একইরকম ঘটনা ঘটাতে পারবে কিনা এটা এখনো পরিষ্কার নয়। তাদের এই আবিষ্কার নিয়ে বিখ্যাত বিজ্ঞান সাময়ীকি ‘নেচার’ এ বিস্তারিত প্রতিবেদন ছাপা হয়েছে।
ওই রাউন্ডওয়ার্মের ফা-৪ জিনের মতো তিনটি জিন মানবদেহেও আছে। অগ্নাশয়ের হরমোন গ্লুকাগনের সাথে এদের সম্পর্ক আছে। গ্লুকাগন ব্লাড সুগার বাড়ায় এবং বিশেষ করে উপবাসের সময় দেহের শক্তির ভারসাম্য বজায় রাখে।
কৃমির ওই জিনটির উপর আলোকপাত করে বিজ্ঞানীরা বলেন, এই জিনটি সুবাদে এখন এমন কিছু ঔষধ আবিষ্কৃত হতে পারে যা মানবদেহে ক্যালরি সীমিতকরণের সহায়তা করে মানুষকে দীর্ঘ জীবনের অধিকারী করবে। ফলে খাবার দাবারের উপর নিয়ন্ত্রণ আরোপের আর দরকার হবে না।
এক সম্মেলনে ডিলিন সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “এখনো আমরা জানি না নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া মানুষের দীর্ঘজীবনে আদৌ কোন সহায়তা করে কি না।” বিশেষজ্ঞরা খাবার নিয়ে বর্তমানে বানরের উপর এর পরীক্ষা চালাচ্ছেন।
ডিলিন বরেন, “ অনেকেই স্ব উদ্যোগে সক্রিয়ভাবে বিষয়টি নিয়ে কাজ করছেন।”
“ তবে মানুষের মতো সর্বোচ্চ শ্রেনীর কিছু স্তন্যপায়ী প্রাণী নিয়ে ৩৫ বছর ধরে গবেষণা চলছে। এবং তাতে দেখা যাচ্ছে কম খাবার খেলে এসব স্তন্যপায়ী প্রাণী আসলে দীর্ঘদিন বাঁচে।”
দীর্ঘজীবন পেতে হলে স্বাভাবিক খাবার এর শতকরা ৫০ থেকে ৭০ ভাগ কমিয়ে ফেলতে হয়।
ডিলিন বলেন, “তবে আপনি যদি খাবারের পরিমান খুব বেশি কমিয়ে ফেলেন তাহলে আপনি ক্ষুৎকাতর হয়ে পরবেন এবং আপনার আয়ূ কমে যাবে।”
“আর আপনি যদি বেশি খান-বিশেষ করে ম্যাগডোনাল্ডের মতো উচ্চ ক্যালরি সমৃদ্ধ খাবার-তাহলে আপনি মোটা হয়ে যাবেন, এবং আপনার আয়ূও যাবে কমে। সুতরাং এই দুয়ের মাঝে নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণই সর্বোত্তম পন্থা।” বলেছেন ডিলিন।
