মুন্সিগঞ্জে ৪ টি ক্লিনিকে অভিযান, ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
মুন্সিগঞ্জের চারটি ক্লিনিকে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার এবং দুই লাখ টাকা জরিমানা ও একটি ক্লিনিকের এক্স-রে ও প্যাথলজি রুম সিলগালা করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার রাতে সদরের চারটি ক্লিনিকে অভিযান চালায় যৌথ বাহিনী।
এ আর ক্লিনিক থেকে গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম মানিকগঞ্জের ঘিওর উপজেলার তারাইল গ্রামের আ. রশিদের ছেলে।
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জানের উপস্থিতিতে মেজর ডা. শাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে রাত ১০টা পর্যন্ত চলে এই অভিযান। এ সময় জেলার সিভিল সার্জন ডা. এনায়েত করিম ও জেনারেল হাসপাতালের আরএমও ডা. এহসানুল করিম উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান জানান, ক্লিনিকগুলোতে মানুষের জীবন নিয়ে খেলা খেলছিল। শ্রী পল্লীস্থ আধুনিক হাসপাতালে জরিমানা করা হয় ২৫ হাজার টাকা। সুপার মার্কেট চত্বরের আমেনা মোল্লা আধুনিক হাসপাতালের এক্স-রে ও প্যাথলজি রুম সিলগালা ছাড়াও ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, শহরের বাগমামুদালী পাড়ার একতা ক্লিনিকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। আর শহরতলীর নয়াগাঁওয়ের এ আর ক্লিনিক থেকে গ্রেপ্তার করা হয় এক ভুয়া চিকিৎসককে এবং ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেজর ডা. সাখাওয়াত জানান, চারটি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অনেক অনিয়ম ছিল। এর ফলে রোগীরা দীর্ঘদিন ধরে প্রতারিত হচ্ছিলেন। অভিযান অব্যাহত থাকবে।
