এইডস প্রতিরোধে খতনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে
খতনা করা পুরুষরা এইডসে কম আক্রান্ত হয়, এ খবরটা আগেই জানিয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। তবে খতনা করার ফলে ক্ষতস্থান না শুকানোর আগেই যদি শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে কেউ তাহলে আবার এইচআইভি সংক্রমনের সম্ভাবনা বেড়ে যেতে পারে। সম্প্রতি এক গবেষণার ফলাফল থেকে জানা গেছে এ তথ্য।
উগান্ডার ৯৯৭ জন এইডস আক্রান্ত মানুষের উপর এই গবেষণা চালানো হয়। সেখানে দেখা যায় খতনা করা হয়েছে কিন্তু ক্ষতস্থান এখনো ভালোভাবে শুকায়নি এমন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করা মহিলার এইডস হওয়ার সম্ভাবনা অনেক বেশী। সে তুলনায় খতনা করা হয়নি এমন আক্রান্ত পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে এইচআইভি সংক্রমনের সম্ভাবনা কম।
গবেষক দলের প্রধান বাল্টিমোরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. মারিয়া ওয়েভার জানান, “এই গবেষণার ফলাফল থেকে এইডস প্রতিরোধে খতনার অসামান্য ভূমিকাকে খাটো করে দেখার কোন সুযোগ নেই ।”
হপকিন্সেরই আরেক ডাক্তার রন গ্রে জানান, “খতনার ক্ষত পুরোপুরি শুকাতে সময় লাগে প্রায় সাত সপ্তাহ। এই গবেষণা খতনা পরবর্তী চার সপ্তাহের মধ্যে শারীরিক সম্পর্ক করার বিপদটিকেই তুলে ধরেছে।”
বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী এইচআইভি ভাইরাসের বেঁচে থাকার জন্য আদর্শ পরিবেশ হচ্ছে একটু উষ্ণ এবং স্যাতস্যাতে পরিবেশ। খতনা না করা পুরুষের জননাঙ্গের অগ্রভাগের চামড়া এমনই একটি অনুকুল পরিবেশের নিশ্চয়তা দেয় এইচআইভি ভাইরাসকে। খতনার মাধ্যমে এই চামড়াটুকু কেটে ফেলা হয়। ফলে এই ভাইরাস সহজে সেখানে বাসা বাধতে পারে না।
