২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলা টমোটোয় এন্টিঅক্সিডেন্ট বেশী

ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খাদ্য বিজ্ঞানী টমোটোর উপর গবেষণা করে এক প্রকার বিশেষ জাতের টমোটো উদ্ভাবন করেছেন। কমলা টমেটোর এই জাতটি প্রচলিত লাল টমেটো থেকে অনেক বেশী স্বাস্থ্যকর বলে তারা দাবি করছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 05:48 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

লাল টমেটোর তুলনায় কমলা টমেটোতে যে ধরনের লাইকোপিন পাওয়া যায় তা অনেক বেশী কার্যকর বলে জানিয়েছে তারা।

লাইকোপিন এক প্রকার এন্টিঅক্সিডেন্ট যা মানব দেহে ক্যান্সারের ঝুঁকি কমানোসহ হৃদরোগ এবং বয়সকালীন চোখের সমস্যা থেকেও রক্ষা করে। লাইকোপিনের মূল উৎস হলো লাল টমেটো, ফলমূল এবং রঙিন সবজী।

ড. স্টিভেন শোয়ার্জ এবং তার সহকর্মীরা ১২ জন স্বেচ্ছাসেবকের উপর সম্প্রতি এক পরীক্ষা চালান। নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাদের দুধরনের স্প্যাগেটি খেতে দেওয়া হয়। একবার স্প্যাগেটিতে মিশিয়ে দেওয়া হয় কমলা টমেটোর সস এবং অন্যবার লাল টমোটোর সস। পরীক্ষা চালানোর ১৩ দিন আগে থেকেই স্বেচ্ছাসেবকদের সকল ধরনের টমেটো খাওয়া থেকে বিরত রাখা হয়।

স্প্যাগেটি খাওয়ার আগে এবং পরে বিভিন্ন ধাপে তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয় এবং লাইকোপিনের মাত্রা পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, লাল টমোটোর তুলনায় কমলা টমোটো থেকে প্রাপ্ত লাইকোপিন শরীর শোষণ করছে আড়াই গুণ বেশী।

ড. শোয়ার্জ এবং তার সহকর্মীরা এখনো পরীক্ষা করেননি এই টমেটোতে কী ধরনের লাইকোপিন পাওয়া যাচ্ছে। আর  আগ্রহীদের জানিয়ে রাখা যাচ্ছে, এই কমলা টমেটো এখনো বাজারে পাওয়া যাচ্ছে না। আপাতত এর হদিস মিলবে একমাত্র ওহাইও কৃষি গবেষণা কেন্দ্রে।