রোগের বিরুদ্ধে লড়াইয়ে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
জনস্বাস্থ্য সূচকের ক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের জন্য বাংলাদেশের দরকার ধারাবাহিক গবেষণা ও তার বাস্তবায়ন।
শনিবার ১১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের (অ্যাসকন) শুরুর আগে এক সংবাদ সম্মেলনে গবেষকরা একথা বলেছেন। তারা বলেন, বাংলাদেশে শিশু মৃত্যুর হার এখনো ঊর্ধ্বমূখী। জন্মের সময় প্রতি হাজারে ৪০ শিশুর মৃত্যু হয়। আর জন্মগ্রহণের দুসপ্তাহের মধ্যেই ৫৪ শতাংশ শিশু মারা যায়। বিশ্বের শিশুমৃত্যুহার প্রবণ এলাকাগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) মিলনায়তনে। এতে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. ডেভিড এ. স্যাক বলেন, “ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিনের মধ্যেই নবজাতকদের অর্ধেক মারা যায়। গবেষণার মাধ্যমে মৃত্যুহার কমানোর রাস্তা খুঁজছি আমরা।”
গত কয়েক বছরে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের উদ্ভাবন ক্ষমতা আছে। কিন্তু এখনো কিছু কিছু বিষয়ের প্রতি আরো মনোযোগ দিতে হবে। বিশেষ করে এমডিজি সূচকের উন্নতির জন্য কীভাবে মৃত্যুহার কমানো যায় তা নিয়ে আরো গবেষণা দরকার।”
“গবেষণা থেকে আমরা অনেক তথ্যপ্রমাণ পেয়েছি। এগুলো এমডিজির ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হবে তা দেখতে হবে,” বলেন স্যাক।
‘ইনস্টিটিউট অব এপিডেমিয়োলজি ডিজিজ কন্ট্রোল এণ্ড রিসার্স’--এর পরিচালক প্রফেসর মাহমুদুর রহমান বলেন, “গত কয়েক বছরের মতো ভবিষ্যতেও গবেষণা--সহযোগী পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আমি নিশ্চিত যে অ্যাসকনে উপস্থাপন করা কিছু গবেষণা আমাদের কাজে লাগবে।”
গর্ভবতী মহিলাদের জন্য সরকার শিগগিরই ভিটামিন--এ ক্যাপসুল সরবরাহ করবে বলেও আশা প্রকাশ করেন মাহমুদুর রহমান।
ইনস্টিটিউটের উপনির্বাহী পরিচালক আলেয়ান্দ্রো ক্র্যাভিয়োটো বলেন, এবারের সম্মেলনে ১৯৮টি আন্তর্জাতিক গবেষণাপত্র উস্থাপন করা হবে। বাংলাদেশ থেকে উপস্থাপন করা হবে ১৫৪টি এরমধ্যে আইসিসিডিডিআরবি--র থাকবে ৯৩টি। বিশ্বের বৈজ্ঞানিকদের এটি একটি বড় সম্মেলন যেখান থেকে অনেক কিছু পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে বিজ্ঞানীরা আরও জানান, কয়েক দশক ধরে আইসিডিডিআর’বি--র নিরন্তন গবেষণায় প্রাপ্ত ওআরএস, বেবি জিঙ্ক সলিউশন, হাম ও রোটা ভাইরাসের টিকা দেশের স্বাস্থ্য কর্মসূচিতে ব্যাপক অবদান রাখছে। ড. আলেয়ান্দ্রো বলেন, আমরা আশা করছি আরও গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফল কেবল বাংলাদেশেই নয়, সব উন্নয়নশীল দেশে রোগের বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগবে।
সংবাদ সম্মেলনে সঞ্চালক ছিলেন ড. ইশতিয়াক এ. জামান। আরও উপস্থিত ছিলেন ড. এমএ সালাম, ড. আব্দুল্লাহ ব্র“কস, ড. স্টিভ লুবি, ড. কিম স্ট্রিট ফিল্ড, এমএ ওয়াহেদ এবং মোহসীনা হাসান।
তিনদিনব্যাপী অ্যাসকন সম্মেলন শুরু হবে রোববার। আইসিডিডিআরবিতে অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশ্বের ১৫০ জন বিজ্ঞানী অংশ নেবেন। স্বাস্থ্য উপদেষ্টা এএসএম মতিউর রহমান শনিবার বিকালে র্যাডিসন হোটেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
