জার্মানিতে গাড়ি চালানোর সময় ধুমপান নিষিদ্ধ হতে পারে
জার্মানিতে গাড়ির ভিতরে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। জার্মান সরকারের এক কমিশনার সেবাইন বায়েটজিং শনিবার জানিয়েছেন এ কথা।
“গাড়ি চালনার সময় ধূমপান বন্ধ রাখার আইন জারি করা সম্ভব কিনা এবং সম্ভব হলে সেটা কীভাবে করা যায় সে ব্যাপারে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি।” জার্মানির এক সংবাদপত্রের সাথে আলাপকালে বলেছেন সেবাইন। তিনি বলেন, জার্মানিতে গাড়ি চালনাকালীন ধূমপান বন্ধ করাটা খুব জরুরী হয়ে পরেছে। যদিও এটা ব্যাক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই।”
ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশের তুলনায় অনেক ধীরগতিতে ধূমপান নিয়ন্ত্রণের কৌশল অবলম্বন করেছে জার্মানি। ফলে জার্মানির পানশালা আর রেস্তোরা ধুম্রজালে আচ্ছন্ন তাকে প্রায়শই। অনেক অধূমপায়ীও এ সময় সেকেন্ড হ্যান্ড ধূমপানের শিকার হন। গাড়ি চালনার সময়েও ব্যপক ধূমপান চলে।
এবারে বায়েটজিং জানিয়েছেন সরকার এবার অধূমপায়ীদের রক্ষার উদ্যোগ নিতে চলেছে।
“জার্মানিতে সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর বিপদকে আর উপেক্ষা করা হবে না।” বলেছেন তিনি। জার্মানির ১৬ টি অঙ্গরাজ্যের রেস্টুরেন্টগুলিতে ধূমপান রোধ করার ক্ষেত্রে কী পদক্ষেপ নেয়া যায় সেটাও খতিয়ে দেখছেন তারা।
