২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়েদের ডায়াবেটিস থাকলে সন্তানরা স্মৃতিশক্তিজনিত সমস্যায় ভুগতে পারে

গর্ভধারণকালে মায়ের ডায়াবেটিস থাকলে সন্তানের উপর তা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারে। শুক্রবার আমেরিকার একজন গবেষক জানিয়েছেন, ডায়াবেটিসে আক্রান্ত নয় এমন মায়ের সন্তানের তুলনায় ডায়াবেটিসে আক্রান্ত মায়ের সন্তান প্রথম জীবনের স্মৃতি নিয়ে ঝামেলায় পড়বে। মস্তিষ্ক কোষ তাদের প্রথম জীবনের স্মৃতি ধরে রাখতে কম সক্ষম হবে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 07:15 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সান ফ্রানসিসকোতে ‘আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স’ এর বার্ষিক সভায় উপস্থাপিত এক গবেষণা নিবন্ধে বলা হয় মায়ের গর্ভে থাকাকালীন অক্সিজেন ও আয়রনের অভাবে শিশুর স্মৃতিশক্তির উন্নয়ন হবে দেরি করে।

এমনিতেই গর্ভবতী মায়েদের স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ পরিমানে আয়রনের প্রয়োজন হয়। কারন রক্তকোষ তৈরিতে আয়রন একটি অপরিহার্য উপাদান। কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত মায়েদের গ্লুকোজের মাত্রা সব সময়ই ওঠানামা করে এবং একারণে আয়রনের অভাব দেখা যায়। এ কারণে তাদের রক্তকোষ প্রয়োজনীয় অক্সিজেন বহন করতে পারে না।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসের গবেষক ট্রেসি ডেবোয়র তার গবেষণা সম্পর্কে বলেন, “যখন অক্সিজেন এবং আয়রনের এই ঘাটতি নিয়মিতভাবেই ঘটতে থাকে তখন সেটি প্রভাব ফেলে শিশুর স্মৃতিকোষের উপর।”

তবে ডেবোয়র অবশ্য উল্লেখ করেন নি কোন ধরনের ডায়াবেটিসে আক্রান্ত মায়েদের সন্তানের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। কিন্তু টাইপ ১, টাইপ ২ এবং গেস্টেশনাল ডায়াবেটিস রক্তের সুগারের উপর প্রভাব ফেলে।