২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপানজনিত ক্যান্সারের শিকার হতে পারেন অধূমপায়ীরাও

ধুমপান করলে ফুসফুসের ক্যান্সার হবে -এ আর নতুন কথা কি! কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে অধুমপায়ীরাও এর স্বীকার হতে পারেন। গবেষনায় দেখা গেছে, শতকরা ২০ভাগ নারী যারা কখনোই ধুমপান করেননি তারাও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। আমেরিকার একদল গবেষক অনুমান করছেন, ধুমপায়ীদের সংস্পর্শই এর কারন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

আমেরিকায় ও সুইডেনে প্রায় ১০ লাখ ব্যাক্তির উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, পুরুষদের মধ্যে শতকরা মাত্র ৮ ভাগ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়। এ প্রসঙ্গে ওই গবেষক দলের প্রধান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ড. হার্টার ওয়েকলি বলেন, “আমার অনেক রোগী (ফুসফুস ক্যান্সারে আক্রান্ত) আছে যারা কখনোই ধুমপান করেনি। অনেকেই এই রোগের কথা লুকিয়ে রাখেন, কারণ বললেই নানারকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। ”

তিনি আরো বলেন, এটা এখনো পুরো পরিষ্কার নয়, কেন মেয়েরা ধুমপান না করা সত্ত্বেও ফুসফুস ক্যান্সারে এত বেশি আক্রান্ত হচ্ছে। প্রত্যক্ষ বা পরোক্ষ ধুমপানের ব্যাপারে  মেয়েরা কতটা সংবেদনশীল সেটাও নিশ্চিত নয়।

গত শুক্রবার প্রকাশিত জার্নাল অব অনকোলজিতে ওয়েকলি ও এপিডোমোলজিস্ট এলেন চাং জানান, তারা ৪০ থেকে ৭৯ বছর বয়ষ্ক প্রায় ১০ লাখ মানুষের উপর জরিপ করে ফুসফুসের ক্যান্সারের  উৎস খুঁজতে চেষ্টা করেছেন। প্রত্যকেই তাদের খাদ্যাভাস, জীবনযাপন প্রনালী এবং রোগব্যাধি সর্ম্পকিত বিভিন্ন গবেষনায় অংশ নিয়েছেন।

দেখা গেছে, মহিলাদের মধ্যে যারা কখনোই ধুমপান করেনি প্রতি বছর তাদের ১০০,০০০ জনের মধ্যে ১৪.৪ জন থেকে ২০.৮ জন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। অন্যদিকে, একইভাবে পুরুষদের মধ্যে ৪.৮ থেকে ১৩.৭ জন আক্রান্ত হয়েছে। ধুমপায়ীদের মধ্যে এই মাত্রা ১০ থেকে ৩০ গুনি বেশি।

এতে বেশ বোঝা যায়, শতকরা ২০ ভাগ মহিলা ও ৮ ভাগ পুরুষ ধুমপান না করা সত্ত্বেও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত।

এ সম্পর্কে এলেন চ্যাং বলেন, আসলে মহিলাদের চেয়ে পুরুষরা ধুমপান বেশী করে। আর মহিলারা বেশী আক্রান্ত হন কারণ নিজেরা ধুমপান না করলেও পরোক্ষ ধুপানের স্বীকার হন তারা। তিনি আরো বলেন, আমরা জানি পরোক্ষ ধুমপান ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

উল্লেখ্য, ধুমপানই ফুসফুসের ক্যান্সারের প্রধান কারন। তাছাড়া এসবেস্টস, ক্রোমিয়াম ও আর্সেনিকের কারনেও এই ক্যান্সার হতে পারে। আমেরিকার ক্যান্সার সোসাইটি আশংকা করছে ২০০৭ সালে ২ লাখ ১৩ হাজার আমেরিকানকে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হবে যার মধ্যে মারা যাবে ১ লাখ ৬০ হাজার।