লন্ডন,১১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)--অন্তঃসত্তা মায়ের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার আক্রমণ থেকে বাঁচতে গর্ভফুল বা প্ল্যাসেন্টা পরজীবীর মতো আচরণ করে। যুক্তরাজ্যের রিডিং ইউনিভার্সিটির একদল গবেষক এটি আবিষ্কার করেছেন। এজন্য কৌশল হিসেবে কৃমির মতো অন্য প্রাণীর শরীরে আশ্রয় করে বেঁচে থাকা পরজীবীদের মতোই খোলস ব্যবহার করে গর্ভফুল ।
গবেষকরা আশা করছেন, বারবার ঘটা অনিচ্ছাকৃত গর্ভপাত এবং ঝুঁকিপূর্ণ সমস্যা প্রি-এক্লামসিয়া সমস্যাদুটোকে বুঝতে তাদের সাহায্য করবে এ তথ্যগুলো।
মায়ের গর্ভকালীন সময়ে গর্ভফুল খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। মা ও ভ্র"ণের মধ্যে এটি একটি যোগসূত্র তথা জরুরি পুষ্টি সরবরাহ করার মাধ্যম হিসেবে কাজ করে এটি। কিন্তু গর্ভফূল ও ভ্র"ণ দু'টোরই জেনেটিক গঠন মায়ের নিজের থেকে ভিন্ন হওয়ায় তত্ত্বগতভাবে তার শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা বহিরাগত মনে করে দু'টিকেই আক্রমণ করতে পারে।
গবেষকদের ধারণা , শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রত্যাখ্যানের বিষয়টি গর্ভফুল যেভাবে এড়িয়ে যায় তা অনুকরণ করতে পারলে বাতের মতো অসুস্থতার চিকিৎসাতেও সহায়তা হতে পারে।
গবেষকরা ইতিমধ্যেই জানতেন গর্ভফুল নিউরোকিনিন বি (এনকেবি) একটি ক্ষুদ্র প্রোটিন নিঃসরণ করে থাকে। প্রি-এক্লামসিয়া হলে মায়েদের শরীরে বেশ উঁচুমাত্রায় দেখা যায় এটি। গর্ভসঞ্চারের ৯ সপ্তাহের মধ্যেই পরীক্ষায় ধরা পড়ে এনকেবি প্রোটিনটি।
রিডিং ইউনিভার্সিটির গবেষকদল তাদের আবিস্কারের ফলাফলকে গবেষণাগারে পরীক্ষার কাজে ব্যবহার করার উপায় খুুঁজছিলেন। সেই কাজে নেমে তারা দেখলেন, গর্ভফুল থেকে নিঃসৃত এনকেবি প্রোটিন যেভাবে প্রতিক্রিয়া দেখায় তা গবেষণাগারে ব্যবহৃত একই প্রোটিন থেকে আলাদা। তারা বুঝতে পারেন গর্ভফুলের মধ্যে এনকেবির সংশ্লেষণের সময় এই পরিবর্তনটি ঘটছে। আরো গবেষণা করে জানা গেলো , গর্ভফুলের এনকেবি প্রোটিনে রয়েছে ফসফোকোলিন নামে এক ধরণের অণু। পরজীবী নিমেটোড কীট তার 'আশ্রয়দাতা' প্রাণীর শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার হানা থেকে বাঁচতে লুকিয়ে থাকার খোলস হিসেবে ওই অণুটিই ব্যবহার করে।
গবেষকদলের প্রধান অধ্যাপক ফিল লোরি বলেছেন, এ ব্যাপারটি দেখামাত্রই গর্ভফুলের অন্য প্রোটিনগুলোর দিকে নজর দেওয়ার সিদ্বান্ত নেন তারা। লোরি বলেন, "এ পর্যন্ত যা দেখেছি তাতে মনে হচ্ছে, ওই প্রোটিনগুলোর অনেকগুলোর ওপরেই ফসফোকোলিন অণুর প্রলেপ আছে যা তাদেরকে আশ্রয়দাতা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার আক্রমণের হাত থেকে রক্ষা করে।"
অধ্যাপক লোরি মন্তব্য করেন, রোগ প্রতিরোধ ব্যবস্থার নজরে পড়া ঠেকানোর একটি কৌশল বের করতে পারলে হয়তো বেশ কয়েক ধরণের রোগ ও অসুস্থতার নিরাময়ের পথ খুলে যেতো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি/এসকে/১৩১৯ঘ.
bdnews24