ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে (এনআইএমএইচ) শিগগিরই একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র চালু হতে যাচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত এ কেন্দ্রে শয্যা সংখ্যা থাকবে ৫০টি। যার মধ্যে ২০টি বরাদ্দ থাকবে দরিদ্র রোগীদের জন্য।
এনআইএমএইচ এর পরিচালক অধ্যাপক এ এইচ এম ফিরোজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশ কিছুদিন আগেই এ কেন্দ্রের প্রয়োজনীয়তার কথা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। খুব অল্প সময়েই আমাদের হাসপাতালে এ কেন্দ্র চালু হবে বলে আমরা আশা করছি।"
এ কেন্দ্রটি হবে হাসপাতালটির সপ্তম ইউনিট। রাজধানীর শ্যামলীতে অবস্থিত ১৫০ শয্যা বিশিষ্ট মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের তৃতীয় তলায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই ১৭ লাখ টাকা ব্যয় করেছে।
এনআইএমএইচ এ কর্মরত মনোরোগ চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ ফারুক আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিরাময় কেন্দ্রের জন্য আলাদা জনবলের প্রয়োজন নেই। মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে কর্মরত ১৭ জন অধ্যাপক ও ৩০ জন চিকিৎসকই নতুন এ ইউনিটে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেবেন।"
ফারুক আলম জানান, নিরাময় কেন্দ্রের ৫০ শয্যার ৬০ শতাংশ বরাদ্দ থাকবে যারা ব্যয় ভার বহন করতে পারবেন তাদের জন্য। বাকি ৪০ শতাংশ থাকবে দরিদ্র রোগীদের জন্য এবং তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
তিনি বলেন, "রাজধানীর তেজগাঁও এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র পরিচালনা করছে। কিন্তু সীমিত সংখ্যক শয্যা থাকায় সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, এমনকি ভর্তি হতেও কয়েকমাস সময় লাগে।"
মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র চালু হলে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে চিকিৎসকরা মনে করছেন। এক হিসাব অনুযায়ী, রাজধানীতেই মাদকাসক্তের সংখ্যা এক লাখের বেশি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এফএফ/এমআই/১২২৭ ঘ.
bdnews24