২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সক্ষম দম্পতি কার্ড' দেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর

দেশের সক্ষম দম্পতিদের কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এর ফলে দম্পতিদের জন্ম নিরোধক ব্যবহারের ইতিহাস সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যাবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ আবদুল মান্নান মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জানুয়ারি মাস থেকে 'সক্ষম দম্পতি কার্ড' বিতরণ শুরু হবে। এতে জন্মনিরোধ সামগ্রী ব্যবহারের সব তথ্য উল্লেখ থাকবে। ফলে কেউ অবস্থান পরিবর্তন করলেও জন্ম নিরোধক ব্যবহারের ইতিহাস জানা যাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 01:21 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের সক্ষম দম্পতিদের কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এর ফলে দম্পতিদের জন্ম নিরোধক ব্যবহারের ইতিহাস সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যাবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ আবদুল মান্নান মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জানুয়ারি মাস থেকে 'সক্ষম দম্পতি কার্ড' বিতরণ শুরু হবে। এতে জন্মনিরোধ সামগ্রী ব্যবহারের সব তথ্য উল্লেখ থাকবে। ফলে কেউ অবস্থান পরিবর্তন করলেও জন্ম নিরোধক ব্যবহারের ইতিহাস জানা যাবে।" বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবা গ্রহণকারীদের কাছে জন্ম নিরোধক ব্যবহারের বিস্তারিত তথ্য লিখিত আকারে থাকে না। এগুলো শুধু তাদের সংশ্লিষ্ট কেন্দ্রের নিবন্ধন বইতে (রেজিস্ট্রার) লিপিবদ্ধ থাকে। এ কারণে আবাসস্থলের পরিবর্তন ঘটলেই ব্যবহারকারীর তথ্য হারিয়ে যায়। এছাড়া, নিরক্ষর জনগোষ্ঠীর কাছ থেকে জন্মনিরোধ সংক্রান্ত তথ্য পেতেও সমস্যায় পড়েন স্বাস্থ্যকর্মীরা। অধিদপ্তরের মহাপরিচালক জানান, জন্ম নিরোধক 'আইইউডি' স্থাপনের পর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে গ্রামে অনেকেই তা স্থানীয় চিকিৎসকদের মাধ্যমে বের করে ফেলে। পরে তাদের কাছ থেকে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় না। এখন থেকে কার্ড দেওয়ার ফলে জানা যাবে একজন কী কী জন্ম নিরোধ ব্যবহার করেছিল। এছাড়া, চর, উপকূল, পার্বত্য এলাকা, সিটি করপোরেশন এবং পৌরসভা এলাকায় জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। চরাঞ্চলে কাজ করার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে আগামী সপ্তাহে চর জীবিকায়ন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে অধিদপ্তর। আবদুল মান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরাঞ্চলে জন্ম নিয়ন্ত্রণের হার কম। দুর্গম এলাকার অনেক জায়গাতেই আমাদের কর্মীরা যেতে পারে না। এছাড়া অধ্যাদেশের কারণে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে আমরা কাজ করতে পারছি না।" পরিবার পরিকল্পনা অধিদপ্তর জানিয়েছে, প্রথমিকভাবে তিন লাখ কার্ড তৈরি করে বিতরণ করা হবে। এজন্য ব্যয় হবে চার লাখ টাকা। উন্নয়ন সহযোগীদের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। গ্রাহক জন্ম নিরোধক নিয়মিত ব্যবহার করছে কিনা তা এ কার্ড দেখে বোঝা যাবে। তবে পৌরসভা ও সিটি করপোরেশনের অধিবাসীদের এটা দেওয়া হবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/এমএ/১৯২০ ঘ.