দ্বিভাষিকরা ডিমেনশিয়ায় আক্রান্ত হয় দেরিতে
ভালো চাকরী বা দেশে বিদেশে পড়ালেখার সুবিধার জন্য অনেকেই মাতৃভাষা ছাড়াও অন্যান্য ভাষা আয়ত্ব করে। তাদের অনেকেই হয়তো জানেন না, বহুভাষা শেখা ও তার চর্চা মস্তিষ্কের জন্য উপকারী। সম্প্রতি কানাডার একদল গবেষক এক প্রতিবেদনে বলেছেন এ কথা।
তাদের ভাষ্যমতে, যারা পুরোপুরি দুই ভাষায় প্রতিদিন কথা বলে তারা ডিমেনশিয়া (মস্তিষ্কের একটি রোগ) রোগে কম আক্রান্ত হয়। অন্যদিকে যারা মাত্র একটা ভাষা জানে ও কথা বলে তারা দ্বিভাষিকদের চেয়ে অন্ততঃ চার বছর আগে ডিমেনশিয়াতে আক্রান্ত হয়।
গবেষকদল বলেন, কমপক্ষে দুটি ভাষা ব্যবহার করতে গিয়ে যে বাড়তি প্রচেষ্টার প্রয়োজন হয় তা মস্তিষ্কের রক্ত সরবরাহ বাড়িয়ে দেয়। ফলে নার্ভের সংযোগ সুস্থ থাকে। আর এ দুটি উপাদানই ডিমেনশিয়া প্রতিরোধ করতে সহায়তা করে বলে তারা ধারণা করছেন।
টরেন্টোর ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসর এলেন বায়ালসটক বলেন, গবেষনার এই ফলাফল পেয়ে আমরা নিজেরাই অভিভুত।
তিনি আরো বলেন, দুইটি ভাষা ব্যবহারের ক্ষেত্রে আপনি আপনার মস্তিষ্ক, আপনার মনকে জড়িত করে ফেলেন, যা মস্তিষ্কের জন্য একটি চমৎকার ব্যায়াম। আর একারনেই আপনার মস্তিষ্ক সচল থাকে।
ডিমেনশিয়ার প্রধান কারন অ্যালঝেইমার রোগ, যা ধীরে ধীরে স্মৃতিশক্তি ধ্বংস করে দেয়।
উল্লেখ্য, এই গবেষকদল টরেন্টো মেমোরি ক্লিনিকে ১৯৪ জন ডিমেনশিয়া আক্রান্ত রোগীদের নিয়ে দীর্ঘ ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত গবেষণা করেছেন। তাদের মধ্যে ৯১জন মাত্র একটি ভাষায় ও ৯৩ জন দুইটি ভাষায় কথা বলে।
তাদের গবেষণায় একভাষিকদের ক্ষেত্রে ডিমেনশিয়ার লক্ষন গড়ে ৭১.৪ বয়সে ধরা পড়েছে। অন্যদিকে দ্বিভাষিকদের ক্ষেত্রে এই গড় বয়স ৭৫.৫ বছর।
