পোলিও টীকার দ্বিতীয় পর্ব শনিবার
১৪ তম জাতীয় টীকা দিবসে দ্বিতীয় পর্বে পোলিও টীকা খাওয়ানো হবে শনিবার। দেশের প্রায় আড়াই কোটি শিশুকে পোলিও ভাইরাসের ঝুঁকিমুক্ত করাই এর লক্ষ্য।
পোলিও টীকা কার্যক্রমের আওতায় সারা দেশে পাঁচ বছরের কম বয়সী মোট ২ কোটি ৪০ লাখ শিশুকে দু’ফোঁটা করে পোলিমাইলাইটিস ওর্যাল ভ্যাকসিন খাওয়ানো হবে। ভ্যাকসিন সরবরাহ করেছে ইউনিসেফ।
সম্প্রসারিত টীকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা শতভাগ সফল হব বলে আশা করছি। এরই মধ্যে পোলিও ভ্যাকসিনের তিন কোটি ডোজ বিতরণ করা হয়েছে।”
গত ২৫ নভেম্বর পোলিও টীকা খাওয়ানোর প্রথম পর্বের কার্যক্রমে ইপিআইয়ের হিসেব অনুসারে, ৯৬ দশমিক ৮০ শতাংশ সাফল্য অর্জিত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লি¬উএইচও) ইপিআই কনসালটেন্ট ড. কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ওয়াইল্ড পোলিওয় আক্রান্ত হওয়ার ১৫টি ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর সিলেট ও হবিগঞ্জে আরও দুই শিশু পোলিওয় আক্রান্ত হয়েছে।”
পোলিও নির্মূল কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় অক্টোবরের ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত পোলিও টীকা খাওয়ানোর উপযোগী শিশুদের খুঁজে বের করতে বাড়ি বাড়ি অনুসন্ধান চালায়।
গ্রামাঞ্চলের প্রতিটি টীকা কেন্দ্র সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। তবে সিটি কর্পোরেশন এবং জেলা সদর এলাকায় খেলা থাকবে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
