মহামারী: এমবিবিএস-বিডিএসের ক্লাসে জাতীয় কমিটির সায়
মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের ক্লাস শুরু করার পক্ষে মত দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
শুক্রবার জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই দুই শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে কমিটির মতামত চেয়ে চিঠি দিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ। গত ১২ অগাস্ট কমিটির ৪৪তম সভায় পাঁচ শর্তে প্রাথমিকভাবে ক্লাস শুরুর পক্ষে মত দেন সদস্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস শুরুর আগে সব শিক্ষার্থীদের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ করাতে হবে। শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
এছাড়া হাসপাতালের ওয়ার্ডে ক্লাসে শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।
সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা ও আইসোলেশন এবং কেউ তাদের সংস্পর্শে আসলে ১৪ দিন কোয়ারিন্টেনের ব্যবস্থা করতেও বলা হয়েছে কমিটির সুপারিশে।
মেডিকেলের শিক্ষার্থীরা দেশে অগ্রাধিকারের ভিত্তিতে কোভিড-১৯ টিকা পাচ্ছেন।
