২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৭ কোটি টিকা আসবে চীন থেকে: স্বাস্থ্যমন্ত্রী

ভারত থেকে আসা আটকে যাওয়ার পর নতুন উৎস চীন থেকে সাড়ে ৭ কোটি কোভিড-১৯ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 09:57 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

তিনি শনিবার ঢাকায় বিএসএমএমইউতে কোভিড ফিল্ড হাসপাতাল অনুষ্ঠানে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনতে ইতোমধ্যে চুক্তি হয়েছে এবং চালানও আসা শুরু করেছে।

জাহিদ মালেক বলেন, “আপনারা জানেন চায়নার সঙ্গে টিকা আনার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমরা ইতোমধ্যে ছয় কোটি টিকা আনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছি।

“অর্থাৎ আগের যে দেড় কোটি টিকা কনফার্ম ছিল, তার সঙ্গে আরও ছয় কোটি, অর্থাৎ সাড়ে সাত কোটি টিকা আমরা চায়না থেকে আনার চেষ্টা করছি।”

চীন থেকে কেনা টিকার মধ্যে ৩ ও ৪ জুলাই ২০ লাখ ডোজ এবং ১৭ জুলাই ২০ লাখ ডোজ এবং ২৯ ও ৩০ জুলাই ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে।

এছাড়া চীন সরকারের উপহার হিসেবে এসেছে ১১ লাখ ডোজ টিকা।

Image
গণটিকাদান শুরুর দিন শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কেন্দ্রে অপেক্ষায় নারীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

গণটিকাদান শুরুর দিন শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কেন্দ্রে অপেক্ষায় নারীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

চীন থেকে ধারাবাহিকভাবে টিকা আসবে বলে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, “আমরা আশা করি নভেম্বরের মধ্যে প্রতিমাসেই প্রায় সম হারে আমরা পেয়ে যাব। সিনোফার্ম যদি কমিটমেন্ট ঠিক রাখে, তাহলে নভেম্বরে দুই কোটি, অক্টোবরে দুই কোটি … অগাস্টে আমরা হয়ত একটু কম পাব।”

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে সংক্রমণ কমাতে টিকার উপর জোর দিয়ে তার বন্দোবস্তু করতে সরকারি প্রচেষ্টাও তুলে ধরেন জাহিদ মালেক।

তিনি বলেন, “টিকার ব্যবস্থা আমরা প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করছি। পৃথিবীর এমন কোনো দেশ নেই, যেখানে আমরা টিকার খোঁজ নেই নাই।”

ছয় দিনে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য  

মহামারী ঠেকাতে বাংলাদেশ প্রথম ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা কিনে গত ফেব্রুয়ারিতে গণটিকাদান শুরু করেছিল।

ভারত সরকারের উপহার হিসেবে ৩২ লাখ ডোজ টিকা এলেও সেরাম দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পাঠানোর পর আর দিতে পারেনি সেদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে।

সেরাম থেকে সাড়ে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু ফেব্রুয়ারির পর টিকা আর না আসায় বিকল্প উৎস খুঁজতে হয় বাংলাদেশকে।

এর মধ্যে টিকা সরবরাহের বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকেও টিকা আসতে শুরু করেছে।

সরকারের কেনা, উপহার পাওয়া এবং কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া টিকা মিলিয়ে এ পর্যন্ত দেশে এসেছে ২ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯২০ ডোজ টিকা।

এখন নাগাদ এক কোটির বেশি মানুষকে প্রথম ডোজ এবং প্রায় অর্ধ লক্ষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।

কোভিড-১৯ টিকা নিতে ইতোমধ্যে নিবন্ধন করেছে দেশের ২ কোটি ২৫ লাখ মানুষ।