করোনাভাইরাসের দাপটে জটিলতায় ক্যান্সার চিকিৎসা
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনে যাতায়াতে সমস্যার পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ একটি হাসপাতালে চিকিৎসা বন্ধ এবং অন্যান্য জায়গায় রোগী দেখার সময় সীমিত হওয়ায় জটিলতায় পড়েছেন ক্যান্সার রোগীরা।
এই পরিস্থিতিতে ক্যান্সার চিকিৎসায় জরুরি কেমোথেরাপি দিতে অনেককে বেসরকারি হাসপাতালে ছুটতে হচ্ছে, গুণতে হচ্ছে বাড়তি টাকা। আবার যাতায়াতের সুযোগ সীমিত হওয়ায় সময়মতো হাসপাতালে আসতে পারছেন না।
এতে রোগীদের আবার বেশি অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।
তারা বলছেন, ক্যান্সারের চিকিৎসা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হয়। চিকিৎসা সেবা বিঘ্নিত হলে রোগীর জন্য সবচেয়ে ঝুঁকি তৈরি হতে পারে।
দেশের সরকারি, বেসরকারি ও বিশেষায়িত মিলিয়ে ২০টি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করাচ্ছিলেন রাজধানীর শেওড়াপাড়ার জান্নাতুল ফেরদৌসী। ওই হাসপাতাল করোনাভাইরাস চিকিৎসার জন্য নির্ধারিত হওয়ায় বিপাকে পড়েন তিনি।
জান্নাতুল ফেরদৌসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ এপ্রিল তার মায়ের তৃতীয় কেমোথেরাপির দিন ছিল। কুর্মিটোলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা বন্ধ থাকায় অন্য একটি বেসরকারি হাসপাতালে যেতে হয়েছে। কেমোথেরাপি দিতে নির্ধারিত সময়ের নয় দিন পার হয়ে যাওয়ায় তার মায়ের অসুস্থতা বেড়ে যায়।
ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, “দুটি বেসরকারি হাসপাতালে চেষ্টা করলাম, পারলাম না। অনেক চেষ্টা তদবিরের পর আরেকটি হাসপাতালের একজন চিকিৎসককে রাজি করাই। তিনি কেমোথেরাপি দিয়েছেন। ওই তারিখের নয় দিন পর কেমো দিয়েছি। এ কারণে আম্মার পেটে পানি চলে এসেছিল। সেগুলো অপসারণ করতে হয়েছে। আর যেটা আমি ২৫ টাকার একটা টিকেট কিনে করতে পারতাম, সেটার জন্য ১০ হাজার টাকা খরচ করতে হয়েছে।”
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
তিনি বলেন, “চিকিৎসক বলেছেন, বাবার শরীরে আবার ক্যান্সার ছড়িয়ে পড়েছে। সময় মতো রেডিওথেরাপি দিতে না পারায় কেমোর সুফল বিফলে গিয়ে ক্যান্সার আবার ছড়িয়ে পড়েছে। এজন্য চেষ্টা করছি নতুন সিডিউল নিতে পারি কি না।”
বগুড়ার সালেহ আবু নাঈম খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত। সম্প্রতি ভারত থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন তিনি। পাঁচটি কেমোথেরাপির একটি দেওয়া হয়েছে ভারতে। এখন দ্বিতীয় থেরাপি দিতে ভোগান্তিতে পড়েছেন।
আবু নাঈমের ছেলে ইবনে সাদাত বিন ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেমোথেরাপি দেওয়ার জন্য প্রথমে মিরপুরের ডেল্টা হাসপাতালে গেলে কাগজপত্র দেখে সাত দিন পর আবার যেতে বলে। কিন্তু সাত দিন পর গেলে করোনাভাইরাসের কারণে কেমোথেরাপি দেওয়া যাবে না বলে জানিয়ে দেয়।
“পরে ইবনে সিনা হাসপাতাল হয়ে ইউনাইটেড হাসপাতালে গেলাম। তারা কোভিড-১৯ আছে কি না নিশ্চিত হতে তিন দিন আইসোলেশনে রাখল। আইসোলেশনের বিল, নমুনা পরীক্ষা এবং পিপিইর জন্য আলাদা ৪০ হাজার টাকা বেশি দিতে হয়েছে। কেমোথেরাপি দিলাম নির্ধারিত সময়ের পর তিন দিন পর।”
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অনকোলজি বিভাগের একজন চিকিৎসক জানান, প্রতি মাসে কমপক্ষে সাড়ে তিনশ রোগী ক্যান্সার ইউনিটে চিকিৎসা নিতেন। এখানে ক্যান্সারের চিকিৎসা বন্ধ থাকায় রোগীদের মহাখালীর ক্যান্সার হাসপাতালে যেতে বলা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, “সেখানে গেলে তারা চিকিৎসা পাবেন তাও নিশ্চিত নয়। চিকিৎসা না পেলে তাদের অবস্থা আরও খারাপের দিকে যাবে।
“কেমোথেরাপি একটা সিডিউল ট্রিটমেন্ট, নির্দিষ্ট সময়ে শেষ করতে হয়। ধরেন একজন রোগী ২১ দিন পর পর ৬টা কেমোথেরাপি নেবে, যদি না নিতে পারে তাহলে তো চিকিৎসা সম্পূর্ণ হল না। ক্যান্সার রোগীর নিয়মিত চিকিৎসা দিয়েই আমরা ফল পাই না। এখানে চিকিৎসা ছাড়া কীভাবে তারা ভালো হবে?”
তিনি জানান, রোববার বহির্বিভাগে ৭০ জন রোগী এসেছে, যেখানে অন্য সময় প্রতিদিন কমপক্ষে ২০০ রোগী আসে। এদিন ডে কেয়ারে কেমোথেরাপি নিয়েছেন ৯২ জন, স্বাভাবিক সময়ে দুই পালায় সেখানে ১০০ জনকে কেমোথেরাপি দেওয়া হয়।
ডা. কাজী মোশতাক হুসেইন বলেন, তারা একটা ফ্লু কর্নার করেছেন। সেখানে রোগীদের কোভিড-১৯ এর লক্ষণ আছে কি না দেখার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।
দূরের রোগীরা যোগাযোগ করলে গাইডলাইন অনুযায়ী ফোনে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “যাদের কেমো লাগবে তাদের আপাতত মুখে খাওয়ার ওষুধ দিচ্ছি। এভাবে ক্রাইসিসটা পার করতে বলা হচ্ছে। পরিস্থিতি ভালো হলে ডোজ অ্যাডজাস্ট করে আমরা কেমো দিব।”
বাংলাদেশ ক্যান্সার সোসাইটির হিসেবে দেশে ১৩ থেকে ১৪ লাখ মানুষ নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত।
ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক জানান, আক্রান্তদের তিন ভাগের এক ভাগ চিকিৎসার আওতায় আসেন। তাদের ৬০ থেকে ৭০ ভাগের অস্ত্রোপচার লাগে। অস্ত্রোপচারের পর কেমোথেরাপি প্রয়োজন হয় ৩০ শতাংশের। বাকিদের রেডিওথেরাপি লাগে।
অধ্যাপক মহিউদ্দিন ফারুক বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। বিশ্বমানের পরিবেশে বাংলাদেশে কেমো দেওয়াও সম্ভব হয় না। এ কারণে তারিখ পিছিয়ে দেওয়া যুক্তিসঙ্গত।
“এই সময় নানাভাবে সংক্রমিত হওয়ার ভয় থাকে। এ কারণে কেমোথেরাপির সময় দুই থেকে তিন সপ্তাহ পার হয়ে গেলেও বিচলিত হওয়ার কিছু নেই। কিন্তু এই সময় বাইরে বের হওয়ার ঝুঁকি এর চেয়ে বেশি। যদি বেশি সমস্যা হয় তাহলে মুখে খাওয়ার যে কেমোথেরাপি দেওয়া যায়, রোগী বাসায় বসে সেটা প্রয়োগ করবেন। কিন্তু পরিস্থিতি যদি এমন জরুরি হয় যে ২৪ ঘণ্টার মধ্যে তাকে চিকিৎসা দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালে আসতে হবে।”
তিনি বলেন, “নতুন যাদের ক্যান্সার ধরা পড়েছে, অপারেশন করলে সুস্থ হবেন- এমন ব্যক্তির অপারেশন লাগলে ঝুঁকি নিয়েও তার অপারেশন চিকিৎসকরা করবেন। রোগী সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকলেও সুযোগটা নিতে হবে। এক্ষেত্রে রোগীকে বুঝিয়ে বলতে হবে তিনি ঝুঁকি নিতে তৈরি কি না। কিন্তু আমরা এই মুহূর্তে তাকে হাসপাতালে আসতে নিরুৎসাহিত করব।”
