২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসের সর্বশেষ: মৃত্যু বেড়ে ৪২৯৬

# নভেল করোনাভাইরাস ছড়িয়েছে অন্তত ১১১ দেশে # বিশ্বজুড়ে আক্রান্ত ১ লাখ ১৯ হাজার মানুষ # মৃত্যু হয়েছে অন্তত ৪২৯৬ জনের # নতুন সংক্রমণ ও মৃত্যুর ৯৯ শতাংশ ঘটনা এখন চীনের বাইরে # ভাইরাস ছড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশে # ইতালিতে ৬ কোটি মানুষ অবরুদ্ধ, এক দিনেই ১৬৮ মৃত্যু # আক্রান্তদের মধ্যে ৫৫ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন # বাংলাদেশে আক্রান্ত ৩ জন, নতুন রোগী নেই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 09:44 AM

Updated : 10 Oct 2022, 07:02 PM

***

বেলজিয়ামে প্রথম মৃত্যু
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে ইউরোপের দেশ বেলজিয়ামে প্রথম একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে বেলজিয়ামের স্বাস্থ্য কর্তৃপক্ষ ৯০ বছর বয়সী ওই রোগীর মৃত্যুর কথা জানায়। তাকে ব্রাসেলসের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
সিএনএন  জানিয়েছে, বুধবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬৭ জনে দাঁড়িয়েছে।

***

ইন্দোনেশিয়ায় প্রথম মৃত্যু
কভিড-১৯ এ ইন্দোনেশিয়ায় প্রথম একজনের মৃত্যু হয়েছে।
৫৩ বছর বয়সী এই বিদেশি আগে থেকেই ডায়বেটিস, ফুসফুসের রোগ, হাইপারটেনশন ও শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর সেখানেই তার মৃত্যু হয়।
ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত অন্তত ২৭ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। 

***

প্রতিরোধে পরামর্শ

করোনা ভাইরাস নিয়ে ভীত না হয়ে সতর্কতা অবলম্বন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া কিছু পরামর্শ মেনে চলতে সবাইকে পরামর্শ দিয়েছে সরকার।

>> নিয়মিত জীবণুনাশক বা সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত।

>> কাশি বা হাঁচি দিচ্ছেন এমন ব্যক্তি থেকে ৩ ফুট দূরত্ব বজায় রাখা প্রয়োজন।

>> হাত না ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।

>> হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে নাক ও মুখ ঢেকে রাখতে হবে।

>> যেখানে সেখানে থুথু নিক্ষেপ করা যাবে না।

>> রান্না করার আগে ভালো করে খাবার ধুয়ে নিতে হবে।

>> যে কোনো খাবার ভালো করে সিদ্ধ করে রান্না করতে হবে।

>> অসুস্থ ব্যক্তি বা প্রাণীর সংস্পর্শে আসা যাবে না।

>> কাপড় একবার ব্যবহার করে ধুয়ে ফেলুন।

>> বাড়ি এবং কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার করতে হবে।

>> বাইরে ব্যবহৃত জুতা ঘরে ব্যবহার করা যাবে না। খালি পায়ে হাঁটা যাবে না।

>> পরিচিত বা অপরিচিত ব্যক্তির সঙ্গে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকতে হবে।

>> জ্বর, কাশি ও শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অন্যের সংস্পর্শ  থেকে দূরে থাকতে হবে।

>> স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুসরণ করে নিরাপদ থাকাই উত্তম পন্থা।

>> অসুস্থ বোধ করলে বাড়িতে অবস্থান করা উত্তম।

>> জনাকীর্ণ স্থানে সতর্ক থেকে মাস্ক ব্যবহার করতে হবে।

>> শিশু, বৃদ্ধ ও ক্রণিক রোগীদের অধিকতর সতর্ক থাকতে হবে।

>> নিজেকে নিরাপদ রাখতে বিদেশ ভ্রমণ না করাই ভালো।

***

কারবালায় বাতিল হলো জুমার নামাজ
করোনাভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যে ইরাকের কারবালা শহরে জুমার নামাজ বাতিল করা হয়েছে।
বুধবার কর্তৃপক্ষের দেওয়ার এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
একই কারণে গত শুক্রবারের জুমার নামাজও বাতিল করা হয়েছিল। 

***

আইইডিসিআরের হটলাইন ০১৯৪৪৩৩৩২২২

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সবার যোগাযোগের সুবিধার জন্য হটলাইন হিসেবে ১৩টি নম্বরের বদলে একটি নম্বর চালু করেছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।

এখন থেকে ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে ফোন করে যে কেউ তথ্য দিতে বা নিতে পারবেন বলে  আইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ, লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সরাসরি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) না যাওয়ার পরামর্শ দিয়েছে সরকার। বরং বাড়িতে থেকে হটলাইন নম্বরে ফোন করলে তারাই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে বলে জানানো হয়েছে।

***

বাংলাদেশে আক্রান্তদের দুজন ‘সুস্থ হয়ে উঠেছেন’

বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, “গতকাল আমরা যে পরীক্ষা করেছি তাতে তিনজনের মধ্যে দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আপনারা জানেন যে পর পর দুবার নেগেটিভ এলে আমরা তাদের ডিসচার্জ করে দিতে পারি। তো তিনজনের মধ্যে দুজন অলরেডি নেগেটিভ।

“আমরা আগেও বলেছি, শারীরিকভাবে তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। তারা সুস্থ আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রটোকল, সে অনুযায়ী আমরা তাদের রিলিজ করে দেব।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে নতুন করে কারও মধ্যে কভিড-১৯ ধরা পড়েনি। বিভিন্ন হাসপাতালে মোট আটজনকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে।

আইইডিসিআর রোববার এক ব্রিফিংয়ে দেশে প্রথমবারের মত তিনজনের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করে। তাদের মধ্যে দুজন পুরুষ সম্প্রতি ইতালির দুটি শহর থেকে দেশে ফিরেছেন। তাদের মধ্যে একজনের সংস্পর্শে এসে পরিবারের আরেক নারী সদস্য আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাস: আক্রান্তদের দুজন ‘সুস্থ হয়ে উঠেছেন’  

***

পানামায় প্রথম মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ পানামায় প্রথমবারের মত করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬৪ বছর বয়সী ওই ব্যক্তি ডায়াবেটিস এবং ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়াতেও ভুগছিলেন।

গত মঙ্গলবার পানামায় ৪০ বছর বয়সী এক ব্যক্তির দেহে প্রথমবারের মত নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

***

 

কভিড-১৯: মৃত্যু ঝুঁকি কতটা?

শতাধিক দেশে ছড়িয়ে নভেল করোনাভাইরাস বিশ্বজুড়ে যে আতঙ্ক ছড়িয়েছে, এর মৃত্যু ঝুঁকি ততটা প্রবল নয়।

এ পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর যত ঘটনা ঘটেছে, তার অধিকাংশই ঘটেছে চীনে। সেখানে,যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশের বয়স ছিল ৭০ বছরের বেশি; অন্য অসুস্থতাও ছিল।

>> মধ্যবয়সীদের চেয়ে বয়স্কদের মৃত্যুর হার ১০ গুণ বেশি

>> বৃদ্ধদের মধ্যে যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ,  হৃদযন্ত্র বা শ্বাসকষ্টে ভুগতেন, তাদের ক্ষেত্রে মৃত্যুর ঘটনা অন্য রোগীদের চেয়ে পাঁচ গুণ বেশি

>> ত্রিশের নিচে বয়স এমন রোগীর মৃত্যুর ঘটনা অনেক কম; চীনে ওই বয়সী সাড়ে চার হাজার রোগীর মধ্যে মারা গেছেন ৮ জন

>> চীনে নয় বছরের কম বয়সী কারোই মৃত্যু ঘটেনি

>> ইউরোপেও বয়স্কদের মৃত্যু হার বেশি দেখা যাচ্ছে। চীনে নারীদের তুলনায় পুরুষদের মৃত্যু হার বেশি

করোনাভাইরাসে প্রতি এক হাজার জনে নয়জনের মৃত্যুর তথ্য মিললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে,  মৃত্যুর হার আরও কম হতে পারে, কেননা অনেক রোগীর তথ্যই হয়ত এই পরিসংখ্যানে আসেনি।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ম্যাট হানকক বলেছেন, তাদের হিসেবে শতকরা দুজনের প্রাণ নিয়েছে কভিড-১৯; তবে মৃত্যুহার এর কিছু কমও হতে পারে।

>> বিশ্বে প্রতিবছর ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে হৃদজনিত রোগে।

>> স্ট্রোকে মৃত্যুর সংখ্যা ৫০ লাখের মতো

>> শ্বাসতন্ত্রে সংক্রমণে বিশ্বে বছরে মৃত্যুর সংখ্যা ৩৫ লাখের মতো

>> ডায়রিয়ায় মারা যায় ২০ লাখের বেশি মানুষ

>> যক্ষ্মা ও এইডসে মৃত্যুর সংখ্যাও ২০ লাখের কাছাকাছি

কোভিড-১৯ রোগে মৃত্যুর ঝুঁকি কতটা?  

***

 

কয়েক জেলায় বিদেশফেরতরা পর্যবেক্ষণে

করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে দেশে কয়েকটি স্থানে বিদেশফেরতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে, যদিও তাদের করোনাভাইরাস শনাক্ত হয়নি।

এরমধ্যে রয়েছেন মানিকগঞ্জে ৫৯ জন, রাজবাড়ীতে ৫ জন, সিলেট ও চুয়াডাঙ্গায় একজন করে।

এছাড়া বিভিন্ন জেলায় করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রাখার কথাও বলছেন সংশ্লিষ্টরা।

করোনাভাইরাস: কয়েক জেলায় পর্যবেক্ষণে বিদেশফেরতরা  

***

 

ইতালিতে একদিনেই ১৬৮ মৃত্যু

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অবরুদ্ধ ইতালিতে এক দিনেই ১৬৮ জনের মৃত্যু হয়েছে; মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে।    

ইউরোপে সবচেয়ে নাজুক অবস্থায় পড়া এ দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৪৯ জন। এই হিসাবে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০.৭ শতাংশ, আর মৃতের সংখ্যা বেড়েছে ৩৬ শতাংশ।  

চীনের মূল ভূখণ্ড বাদ দিলে আক্রান্ত ও মৃতের সংখ্যা ইতালিতেই সবচেয়ে বেশি। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪ জন মঙ্গলবার সুস্থ হয়ে উঠেছেন। আর ৮৭৭ জনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়। 

নতুন রোগী  ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় মঙ্গলবার থেকে পুরো ইতালিতে চলাচলের ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ করার মত কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে দেশটির সাড়ে ছয় কোটি মানুষ কার্যত অবরুদ্ধ দশার মধ্যে পড়ে।

করোনাভাইরাস: পুরো ইতালি অবরুদ্ধ

***

যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আক্রান্ত

 
যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির এমপি নাদিন ডোরিয়েস নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে তিনি ‘সেলফ-আইসোলেশনে’ আছেন বলে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন।  
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ডোরিয়েস রোগীদের সুরক্ষা ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক দায়িত্ব পালন করে আসছিলেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত  

***

বড় ক্ষতির মুখে পর্যটন খাত

বিশ্বজুড়ে পর্যটন খাতকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস।

সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ইতালির সীমান্ত বন্ধ করে দেওয়ার মানে হল বিশ্বের পঞ্চম শীর্ষ পর্যটন গন্তব্যের দুয়ার বন্ধ হয়ে যাওয়া। প্রতি বছর ৬ কোটি ২০ লাখ মানুষ ইতালি ভ্রমণ করেন; ইতালির অর্থনীতিতে পর্যটন খাতের অবদান ১৩ শতাংশ।

ডাবলিনের সেইন্ট প্যাট্রিকস ডের প্যারেড, বিশ্বের বিভিন্ন স্থানে বসন্ত উৎসবের মত মৌসুমি আয়োজন যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি মালদ্বীপ বা থাইল্যান্ডের রিজোর্ট ব্যবসা এবং বিভিন্ন দেশে পর্যটনকে কেন্দ্র করে গড়ে ওঠা হোটেল, ট্যাক্সি সেবা ও রেস্তোরাঁগুলো এখন অস্তিত্ব সঙ্কটে পড়েছে।

রাজনৈতিক অস্থিরতার পর মাত্র সামলে উঠতে শুরু করা মিশর এবং দাবানলের ধকল কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করা অস্ট্রেলিয়ার পর্যটন খাতও নতুন করে সমস্যায় পড়েছে।

***

করোনাভাইরাসের সর্বশেষ: পৃষ্ঠা ২