চিকিৎসকদের ওপর নজর রাখবেন মন্ত্রী
বিভিন্ন উদ্যোগের পরেও মফস্বলে চিকিৎসকদের রাখতে দৃশ্যত ব্যর্থতার পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবার নিজেই হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নজরদারির সিদ্ধান্ত নিয়েছেন।
এজন্য সচিবালয়ে নিজের দপ্তরে ভিডিও কনফারেন্সের ডিভাইস বসাতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
মন্ত্রী বুধবার এ নির্দেশ দেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কর্মস্থলে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন সময় নানা হুমকি দেওয়া হয়। উপস্থিতি যাচাইয়ে বায়োমেট্টিক পদ্ধতি চালু এবং হাসপাতালগুলোতে ভিডিও কনফারেন্সের ডিভাইস বসানো হয়।
এরপরেও মফস্বলে অনেক চিকিৎসক তাদের কর্মস্থলে থাকেন না বলে অভিযোগ রয়েছে।
কর্মস্থলে চিকিৎসকের উপস্থিতি ‘কঠোরভাবে’ নজরদারির জন্য উপজেলা ও জেলা প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অন্যথায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন তিনি।
