কলম্বিয়ার ২,১১৬ গর্ভবতী নারী জিকা আক্রান্ত
কলম্বিয়ায় দুই হাজার ১১৬ জন গর্ভবতী নারীসহ অন্তত ২০ হাজার মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা।
জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারীর অনাগত সন্তান মাইক্রোসেফালিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
যদিও বিষয়টি এখনও পরীক্ষায় প্রমাণিত নয়। কিন্তু গত বছর ব্রাজিলে জিকা ভাইরাসের প্রদুর্ভাবের পর দেশটিতে আশঙ্কাজনক হারে মাইক্রোসেফালি আক্রান্ত শিশুর জন্ম হয়েছে।
মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশুর মস্তিষ্কের গঠন সম্পূর্ণরূপে হয় না। ফলে তাদের মাথা স্বাভাবিকের তুলনায় অনেক ছোট থাকে।
এই সব শিশু বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী হয়। এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে।
ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশা জিকা ভাইরাসের বিস্তারের জন্য দায়ী।
জিকা ভাইরাস প্রতিরোধে কোনো টিকা বা চিকিৎসার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি।
জাতীয় স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, কলম্বিয়ায় ২০,২৯৭ জন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সংবাদ হচ্ছে, তাদের মধ্যে ২,১১৬ জন গর্ভবতী নারী।
যদিও কলম্বিয়ায় এখনও মাইক্রোসেফলিতে আক্রান্ত কোনো শিশুর জন্ম বা জিকা ভাইরাসে আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কলম্বিয়ায় জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারীদের প্রায় ৩৮ শতাংশ ভেনেজুয়েলা সীমান্তবর্তী নর্তে দে সান্তানদার প্রদেশের বাসিন্দা।
কলম্বিয়ার স্বাস্থ্য মণ্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্য সুরক্ষার আওতায় জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারীদের অবশ্যই গর্ভপাত ঘটাতে হবে।
কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী নারীদের কাছে নিরাপদ গর্ভপাত সেবা এখনও ঠিকভাবে পৌঁছায়নি।
কলম্বিয়া সরকার আগামী অন্তত ছয় থেকে আট মাস নারীদের গর্ভধারণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
আমেরিকা মহাদেশের ২৩টি দেশে জিকা ভাইরাস সনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
