১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ক্যান্সার সারভাইভার্স’ দিবস: সামাজিক নিরাপত্তার দাবি সিসিসিএফের

“ক্যান্সার ‘সার্ভাইভারদের’ জন্য সমন্বিত পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

‘ক্যান্সার সারভাইভার্স’ দিবস: সামাজিক নিরাপত্তার দাবি সিসিসিএফের
বার্ধক্য কেবল টিউমারের আকার বড় করে না, বরং তা ক্যান্সারের ছড়িয়ে পড়ার বা দেহের অন্যান্য অংশে বিস্তার লাভের সক্ষমতাকে বাড়িয়ে দেয়। ছবি: ফ্রিপিক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 12:38 AM

Updated : 11 Sep 2026, 03:21 PM

‘ক্যান্সার সারভাইভার্স’ দিবস উপলক্ষে আক্রান্তদের ‘মর্যাদাপূর্ণ জীবন’ নিশ্চিতে রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগের দাবি জানিয়েছে ‘সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন’ (সিসিসিএফ)।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিসিএফ বলেছে, “আন্তর্জাতিকভাবে ক্যান্সার শনাক্ত হওয়ার মুহূর্ত থেকে চিকিৎসা-পরবর্তী জীবন পর্যন্ত একজন ব্যক্তিকে ‘ক্যান্সার সারভাইভার’ হিসেবে বিবেচনা করা হয়। 

“ফলে ক্যান্সার আক্রান্ত ও ‘সার্ভাইভারদের’ অধিকার ও জীবনমানের বিষয়সমূহকে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা জরুরি।”

সিসিসিএফ মনে করে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ক্যান্সার চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ হিসেবে সার্ভাইভারশিপ কেয়ার, কাউন্সেলিং ও রিহ্যাবিলিটেশনকে গুরুত্ব দেওয়া হলেও বাংলাদেশে বিষয়টি এখনও পর্যাপ্ত গুরুত্ব পায়নি। ক্যান্সার সার্ভাইভারদের জন্য সমন্বিত পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

৭ জুন পালিত হবে ‘ক্যান্সার সারভাইভার্স’ দিবস। এ উপলক্ষে সিসিসিএফ বেশ কিছু দাবি জানিয়েছে। 

এর মধ্যে রাষ্ট্রীয় ক্যান্সার তহবিল গঠন; ওষুধের দাম কমানো এবং বিশেষ স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালে সুলভে চিকিৎসা নিশ্চিত করার মতো দাবি রয়েছে। 

এছাড়া মহাখালী ক্যান্সার হাসপাতালের সক্ষমতা বৃদ্ধিসহ সব জেলা ও বিভাগীয় পর্যায়ে আধুনিক ক্যান্সার ইউনিট, কেমোথেরাপি ও প্যালিয়েটিভ কেয়ার চালুর দাবি জানানো হয়েছে।

রোগীদের জন্য পুনর্বাসন, কাউন্সেলিং, ঢাকায় রোগী নিবাস স্থাপন, গণপরিবহনে বিশেষ সুবিধা এবং সমাজভিত্তিক রেজিস্ট্রি চালুর কথা বলেছে সিসিসিএফ।