ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজারের বেশি
চলতি বছরের এখন পর্যন্ত ২৩৩ জনের প্রাণ গেল ডেঙ্গুতে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছন ২ হাজার ৩৬ জন।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৩৩ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরেই প্রাণ গেছে ১৩৬ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২০৬ জন ভর্তি হন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৬৯ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৪৩২ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৫৪ জন, চট্টগ্রামে ৩২৩ জন, খুলনায় ২৬৭ জন, ময়মনসিংহে ১১৫, রাজশাহীতে ১৯৭, রংপুরে ৬২ ও সিলেটে ১১ জন ভর্তি হন।
চলতি বছরের এখন পর্যন্ত ৭৫ হাজার ৭৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
