ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৩৭৭ জনের প্রাণ গেল।
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৮৯৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৩৭৭ জনের প্রাণ গেল। এর মধ্যে চলতি অক্টোবর মাসে প্রাণ গেছে ১৩২ জনের। আর হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৫৯ জন ভর্তি হন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হন ৩৪১ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮১ জন।
অন্য বিভাগের মধ্যে বরিশালে ২৫২ জন, চট্টগ্রামে ২৩২ জন, খুলনায় ৩৫৯ জন, ময়মনসিংহে ৭৫, রাজশাহী ১৪১, রংপুরে ৫১ এবং সিলেটে সাতজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
