কর্মবিরতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা, জরুরি সেবা চলবে
দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
পদোন্নতি ও সব ধরনের বৈষম্য নিরসনের দাবিতে শনিবার থেকে তিনদিনের কর্মবিরতি পালন করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।
কর্মসূচি অনুযায়ী শনিবার ১০টা থেকে টানা তিন দিন সরকারি হাসপাতালে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন চিকিৎসকরা। দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
তবে জরুরি বিভাগের সেবা এই কর্মসূচির আওতামুক্ত রেখেছে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয়ের সামনে চিকিৎসকদের অবস্থান নিতে দেখা গেছে।
বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দাবিগুলো হল, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা। অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা।
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের সদস্য সচিব চিকিৎসক মো. বশির উদ্দিন শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তাদের দাবিদাওয়ার বিষয়ে শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক সায়েদুর রহমানের সঙ্গে তারা বৈঠক করেছেন।
“তিনি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।"
চিকিৎসক নেতা বশির উদ্দিন বলেছেন রোববার সব হাসপাতালে কর্মবিরতি চলবে এবং তারা ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান নিবেন।
“উপদেষ্টার বিশেষ সহকারী সেখানে এসে দাবি পূরণের ঘোষণা দিলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে। আমাদের বিষয়টি নিয়ে স্যার (সায়েদুর রহমান) উনার বাসায় জরুরি মিটিংয়ে ডেকেছিলেন। সেখানে আমরা বলেছি স্যারকে আমরা বলেছি, আগামীকাল আমাদের কর্মবিরতিতে এসে পদোন্নতির টাইম ফ্রেম বলার পরই আমরা কর্মবিরতি স্থগিতের ব্যপারে সিদ্ধান্ত নিব।"
শুক্রবার বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষে চিকিৎসক মোহাম্মদ আল আমিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাদের ন্যায্য পদোন্নতি ও সব ধরনের বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার থেকে সোমবার প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। এ সময় চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। নইলে দেশের চিকিৎসা ব্যবস্থা দীর্ঘস্থায়ী সঙ্কটে পড়ার আশঙ্কা রয়েছে।
শনিবার থেকে তিন দিনের কর্মবিরতির কথা জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের আরও কয়েকটি সংগঠনও।
এ তালিকায় আছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ, সোসাইটি অব নিউজরোলজিস্ট অব বাংলাদেশ, সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ, এসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ দ্য চেস্ট অ্যান্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস এ বিষয়ে পৃথক বিবৃতি দিয়েছে।
