২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: দক্ষিণ সিটির দুই ওয়ার্ড ‘রেড জোন’

অগাস্ট মাসে দক্ষিণ সিটির ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 10:55 AM

Updated : 28 Jan 2024, 10:55 AM

সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়ায় ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তালিকা, নিয়ন্ত্রণ কক্ষসহ বিভিন্ন মাধ্যমে পাওয়া ডেঙ্গু রোগীর তথ্য যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে এই দুটি ওয়ার্ডে চলতি মাসের ২ থেকে ৮ তারিখে ১১ জন করে ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

ঢাকার হাজারীবাগ ট্যানারি, গজমহল রোড, জিগাতলা, দক্ষিণ সুলতানগঞ্জ, টালি অফিস রোড নিয়ে ডিএসসিসির ১৪ নম্বর ওয়ার্ড।

আর ৫৬ নম্বর ওয়ার্ডে পড়েছে কামরাঙ্গীরচরের রসুলপুর, পশ্চিম বড় গ্রাম, বড় গ্রাম, ইসলামনগর, আলীনগর, হুজুরপাড়া এবং আশরাফাবাদ এলাকা।

সিটি করপোরেশন বলছে, রেড জোন চিহ্নিত এই দুটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো হবে। দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এইডিস মশার প্রজননস্থল নির্মূলে ওয়ার্ড দুটিতে ব্যাপক কার্যক্রম চালানো হবে। শনিবার সকালে এই দুটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

অগাস্ট মাসে দক্ষিণ সিটির ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছিল।

এ বছর সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অন্য যে কোনও বছরের চেয়ে বেশি। শুক্রবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬১ হাজার ৯৬৪ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৭১ হাজার ৫০৩ জন।

চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ৭৯০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৫৪৭ জনই মারা গেছে ঢাকার বিভিন্ন হাসপাতালে।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)