২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদে খুরশীদই থাকছেন

২০২০ সালের ডিসেম্বরে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদে খুরশীদই থাকছেন

মোহাম্মদ খুরশীদ আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 07:01 PM

Updated : 10 Jan 2023, 07:01 PM

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আবার নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাকে আরও দুই বছর মেয়াদে নিয়োগ দেওয়ার তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে ২০২০ সালের ২১ জুলাই অধ্যাপক আবুল কালাম আজাদ পদত্যাগ করার পর মহাপরিচালকের দায়িত্বে এসেছিলেন খুরশীদ আলম।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় বিসিএসের এই কর্মকর্তাকে ওই বছরের ডিসেম্বরে দুই বছরের চুক্তিতে মহাপরিচালক পদে নিয়োগ দেয় সরকার। গত ৩১ ডিসেম্বর সেই মেয়াদ শেষ হয়।

খুরশীদ আলম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে ১০ম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন।

কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা অধ্যাপক খুরশীদ আলম বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজেও চাকরি করেছেন।