১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৬৪ বছরে আইসিডিআর'বি

শিশুদের ডায়রিয়াজনিত মৃত্যু কমাতে খাওয়ার স্যালাইন বা ওরাল রিহাইড্রেশন থেরাপি আইসিডিডিআর’বির যুগান্তকারী উদ্ভাবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2023, 07:57 PM

Updated : 05 Dec 2023, 08:32 PM

স্বাস্থ্য সেবা ও গবেষণায় ৬৩ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)। নানা আয়োজনে ৬৪তম বছরে পদার্পন উদযাপন করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় সেমিনার এবং কর্মীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবেরও আয়োজন করে প্রতিষ্ঠানটি।

কলেরার প্রকোপ ঠেকাতে ১৯৬০ সালের ৫ ডিসেম্বর তৎকালীন সিয়াটো ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) সহায়তায় কলেরা রিসার্চ ল্যাবরেটরি হিসেবে এটি যাত্রা শুরু করে। ১৯৭৮ সালে এ প্রতিষ্ঠানের নাম বদলে রাখা হয় আইসিডিডিআর’বি।

সেমিনারে স্বাগত বক্তব্যে আইসিডিডিআর’বি এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, চিকিৎসা ও জনস্বাস্থ্য গবেষণায় আইসিডিডিআর’বি ভূমিকা রাখছে। শিশুদের ডায়রিয়াজনিত মৃত্যু কমাতে খাওয়ার স্যালাইন বা ওরাল রিহাইড্রেশন থেরাপি আইসিডিডিআর’বির যুগান্তকারী উদ্ভাবন।

“মা ও নবজাতকের স্বাস্থ্যের উন্নতি এবং ধনুষ্টংকার টিকার গবেষণা, মুখে খাওয়ার কলেরা ভ্যাকসিন উন্নয়ন, অপুষ্টির চিকিৎসার জন্য গাইডলাইন এবং বৈশ্বিক পোলিও নির্মুল প্রচেষ্টায় অবদান রাখার ক্ষেত্রে আইসিসিডিআর’বি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

সেমিনারে ‘বাংলাদেশে দারিদ্র্য প্রবণতা এবং সক্রিয় নিয়ামকসমূহ: সাম্প্রতিক প্রমাণ থেকে অন্তর্দৃষ্টি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন।

সেমিনারের প্রধান অতিথি ঢাকায় কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস বলেন, শুধু গবেষণার ক্ষেত্রেই নয়, জনগোষ্ঠীর জীবনেও অবদান রাখছে আইসিডিডিআর’বি।

“বিশেষ করে দরিদ্রদের জন্য, স্বাস্থ্য সেবা পাওয়ার আর্থিক সামর্থ্য যাদের নেই। আইসিডিডিআর’বি ভবিষ্যতে আরও কি কি কাজ করবে তা দেখতেও আমি অত্যন্ত আগ্রহী। কানাডা প্রথম থেকেই আইসিডিডিআর’বির মূল অর্থায়নকারী হিসেবে সঙ্গে আছে। এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”