২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মিনিটের আইটেম গানে উর্বশীর আকাশছোঁয়া দর

হরিদ্বারের মেয়ে উর্বশী বলিউডের চেয়ে বেশি কাজ করছেন দক্ষিণে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 05:49 PM

Updated : 11 Jul 2023, 05:49 PM

ভারতীয় হিন্দি সিনেমায় চড়া পারিশ্রমিক হাঁকানো নায়িকাদের ছাপিয়ে শোনা যাচ্ছে আইটেম গানের জন্য আলোচিত উর্বশী রাউতেলার নাম।

তিনি তিন মিনিটের এক আইটেম গানে ঝড় তুলতে চাইছেন তিন কোটি রুপি। অর্থাৎ প্রতি মিনিটের জন্য ১ কোটি রুপি হাঁকছেন। আর তাতেই নেমেছে আলোচনার ঝড়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হরিদ্বারের মেয়ে উর্বশী বলিউডের চেয়ে বেশি কাজ করছেন দক্ষিণে।  

তেলেগু পরিচালক বয়াপতি শ্রীনুর একটি সিনেমায় আইটেম গানের প্রস্তাবে তিন মিনিটের পারফরম্যান্সের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন ওই অভিনেত্রী। ওই সিনেমায় কাজ করবেন তেলেগু অভিনেতা রাম পথিনেনি।

বয়াপতি শ্রীনুর তেলেগু সিনেমাটি মুক্তি পাবে ২০ অক্টোবর। নাম ঠিক না হওয়া সিনেমাটির পোস্টারও এসেছে সোশ্যাল মিডিয়ায়।

উর্বশী আইটেম গানে হুল্লোড় তুলে পরিচালকদের নজর কাড়েন চলতি বছরে। ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও ‘এজেন্ট’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেন তিনি। ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ সিনেমায় নেচে দুই কোটি রূপি নেন উর্বশী। এরপর বিভিন্ন সিনেমা থেকে প্রস্তাব আসতে থাকে উবর্শীর কাছে।

আগামীতে ‘পুষ্পা ২’ এর আইটেম গানেও দেখা যাবে তাকে।

এক সময়ের মডেল উর্বশী ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমায় অভিনয় করে বলিউডে নাম লেখান ২০১৩ সালে। 

এরপর ‘মিস্টার এরাভাতা’ সিনেমা দিয়ে ২০১৪ সালে কন্নড় চলচ্চিত্রে তার অভিষেক হয়। মাঝে আরও করেটি সিনেমার পর ২০২২ সালে ‘দ্য লেজেন্ড’ নামের তামিল সিনেমা করে প্রশংসা কুড়ান উর্বশী।