২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সৃজিত-দেব ফের একসঙ্গে

এ বার দেব-রুক্মিণী মিত্র জুটিকে নিয়ে সিনেমা বানাবেন সৃজিত মুখার্জি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 04:34 PM

Updated : 07 Jul 2023, 04:53 PM

ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ মিটিয়ে ফের একটি সিনেমায় একসঙ্গে কাজ করতে চলেছেন পশ্চিমবঙ্গের কলাকাতার অভিনেতা দীপক অধিকারী দেব এবং পরিচালক সৃজিত মুখার্জি।

আনন্দবাজার জানিয়েছে, এ বার দেব-রুক্মিণী মিত্র জুটিকে নিয়ে সিনেমা বানাবেন সৃজিত। তবে এই খবরের সূত্রপাত করেছে সোশ্যাল মিডিয়ায় দেবের একটি ছবি ও পোস্ট।

ওই ছবিতে দেব এবং রুক্মিণীর সঙ্গে রয়েছেন সৃজিত। ছবির ক্যাপশনে দেব লিখেছেন ‘অবশেষে সব চূড়ান্ত। আমরা আসছি আগামী বছরে।“

এর আগে সৃজিতের 'জুলফিকার' সিনেমায় অভিনয় করেছিলেন দেব। সাত বছর আগে মুক্তি পাওয়া ওই সিনেমায় দেবের অভিনয় প্রশংসিত হয়।

এই সময়ের মধ্যে অনেকবার সৃজিতের সিনেমায় দেবের কাজের খবর শোনা গেলেও শেষমেশ সেসব সত্যিই হয়নি।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেব এবং সৃজিতকে মাতামাতি চলে ‘ব্যোমকেশ’ সিনেমাকে ঘিরে। খবর ছড়িয়েছিল, বড় পর্দায় ‘ব্যোমকেশ’ বানাবেন সৃজিত। দেব হবেন 'ব্যোমকেশ'। এ খবর ছড়াতেই ঘটে বিপত্তি।

সোশ্যাল মিডিয়ায় সৃজিত ঘোষণা দেন এ ধরনের কোনো পরিকল্পনা তার নেই।

সৃজিতের ওই পোস্টের পর টুইটে দেব বলেন, তিনি হচ্ছেন 'ব্যোমকেশ'। তার সিনেমার নাম ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। যদিও প্রথমে নির্মাতার নাম ঘোষণা করেননি এই নায়ক।

অভিনেতা ও নির্মাতার পরপর দুই পোস্টে দর্শকরা ভেবে বসেন 'ব্যোমকেশ' নিয়ে ‘লুকোচুরি’ করছেন দুইজন।

পুরানো খবর:

ব্যোমকেশরূপী দেবের এক ঝলক

পরে অবশ্য দেবের আরেকটি টুইটে জানা যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্র 'ব্যোমকেশ' রূপে তাকে পর্দায় আনছেন নির্মাতা বিরসা দাশগুপ্ত। আর সেখানে সত্যবতী হয়ে পর্দায় আসছেন রুক্মিণী। ওই সিনেমার টিজারও প্রকাশ হয়েছে মাসের শুরুতে।

এদিকে আরও পরে খবর আসে একই প্রেক্ষাপটে ওটিটির জন্য সিরিজ তৈরি করছেন সৃজিত মুখার্জি। সৃজিতের ব্যোমকেশ হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।

তারিখ না জানিয়ে আনন্দবাজার জানিয়েছে সৃজিত এবং বিরসার ‘ব্যোমকেশ’ নিয়ে একই গল্পে নির্মিত সিনেমা ও সিরিজ একইদিনে মুক্তির পরিকল্পনা চলছে।

এবার সেই সিনেমার ব্যোমকেশ-সত্যবতী জুটিকে (দেব-রুক্মিণী) নিয়েই নতুন কাজে হাত দেবেন সৃজিত।