Published : 28 Oct 2023, 07:50 AM
এবারের পূজায় মুক্তি পাচ্ছে কলকাতার পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘রক্তবীজ’। এ সিনেমায় প্রথমবার পর্দায় পুলিশের ভূমিকায় অভিনয় করবেন মিমি চক্রবর্তী।
এই সিনেমার মধ্যদিয়ে পরিচালক জুটির সঙ্গে হ্যাটট্রিক সেরে ফেললেন মিমি। ২০১৬ সালের সিনেমা ‘পোস্ত’ দিয়ে শুরু হয়েছিল, তারপর সেই সিনেমার হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’তেও ছিলেন অভিনেত্রী। এবার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘রক্তবীজ’-এ মিমিকে দেখা যাবে বর্ধমানের এসপি সংযুক্তা মিত্রর ভূমিকায়।
টলিউডে এক দশকের ক্যারিয়ার জীবনে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন মিমি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জুড়েছেন নিজের নাম। সাংসদ বলেই তার জীবনে কোনো সমস্যা নেই তা নয়।
এ বিষয়ে মিমি বলেন, “আমাদের সমাজটা বড্ড মিসোজিনিস্ট, পুরুষতান্ত্রিক। আমার মতো একজন মেয়ে যে কোনো পুরুষের উপর নির্ভরশীল না হয়ে নিজের চেষ্টায় পথ চলছে, তার সামনে প্রতি মুহূর্তে বাধা আসে।”
আজকাল পার্টি কিংবা ভিড়বাট্টাতেও দেখা যায়না মিমিকে। বরং নিজের বাড়িতেই বন্ধুদের সঙ্গে আড্ডা জমান তিনি।
মিমির ভাষ্যে, “অনুভব করেছি যাদের সঙ্গে পার্টি করছি তাদের সঙ্গে কোনো হৃদয়ের যোগ নেই। তার চেয়ে কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো ভালো। অনেক পার্টিতে আমার দমবন্ধ লাগে।”
কিছুদিন আগে ‘বিগ বস সিজন ১৬’ ও ‘খতরোকে খিলাড়ি’র অফার ফিরিয়েছিলেন মিমি। এমনকি যশ দাশগুপ্ত পরিচালিত সিনেমা ‘ইয়ারিয়া ২’-তে অডিশন দিয়েও সরে এসেছেন।
এ প্রসঙ্গে মিমি জানান, “হিন্দিতে এমন কোনো কাজ করতে চাই না, যেখানে আমার চরিত্রটা মুখ্য নয়। আমি মনে করি, হিন্দিতে পার্শ্ব চরিত্র করলে, বাংলায় যারা আমাকে মুখ্য চরিত্র দিচ্ছেন, তাদের অসম্মান করা হয়।”
‘রক্তবীজ’-এ প্রথম বার মিমির সঙ্গে জুটিতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। মিমি-আবীর ছাড়াও এ সিনেমায় প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনসূয়া মজুমদারকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)