২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীপিকার জন্মদিনে ‘প্রিয়তম’ বলে যে উপহার দিলেন শাহরুখ

২৭ বছর পেরিয়ে আসা দীপিকা জন্মদিনে হয়েছেন শুভেচ্ছাসিক্ত।

দীপিকার জন্মদিনে ‘প্রিয়তম’ বলে যে উপহার দিলেন শাহরুখ

পাঠানে এই রূপে আসছেন দীপিকা পাড়ুকোন, পোস্টার প্রকাশ করে জানালেন শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 11:22 PM

Updated : 09 Jan 2023, 04:51 PM

জীবনের ৩৭ বছর পূর্ণ করলেন দীপিকা পাড়ুকোন, জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভাসিয়ে এক উপহার দিলেন বলিউডে তার যাত্রার সঙ্গী শাহরুখ খান।

১৯৮৬ সালের ৫ জানুয়ারি জন্ম নেওয়া দীপিকার ৩৭তম জন্মবার্ষিকী ছিল বৃহস্পতিবার; আর এদিন তিনি বলিউডের অনেকের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

এরমধ্যে বিশেষ ছিলেন শাহরুখ খান; পাঁচ বছর বিরতি দিয়ে তার নতুন যে সিনেমা আসছে, সেই পাঠানেও তার পর্দাসঙ্গী দীপিকা। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বইছে আলোচনার ঝড়।

Image

দীপিকা পাড়ুকোন, পেরিয়ে এসেছেন জীবনের ৩৭ বছর

দীপিকার জন্মদিনে ‘পাঠান’ সিনেমার নতুন একটি পোস্টার উপহার হিসেবে সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন ‘বলিউড কিং’ শাহরুখ।

সেই পোস্টে দীপিকাকে ‘প্রিয়তম’ সম্বোধন করে লিখেছেন, “কীভাবে সম্ভাব্য প্রত্যেকটি অবতারের মধ্যদিয়ে পর্দাকে নিজের করে নিতে তুমি নিজেকে মেলে ধরেছো! সবসময়ই তোমাকে নিয়ে গর্বিত এবং সবসময় এই শুভকামনা যে তুমি নতুন উচ্চতায় নিজেকে তুলে ধরো... শুভ জন্মদিন... অনেক অনেক ভালোবাসা...।

সমালোচনা, সেন্সর বোর্ডের খড়গের খবরের মধ্যেও শাহরুখ জানালেন ‘পাঠান’ ২৫ জানুয়ারিই মুক্তি পাচ্ছে; হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।

পুরনো খবর:

পাঠানের মুক্তি পেছাচ্ছে? কাটা পড়ছে দীপিকার গেরুয়া বিকিনি?

ভারতের ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকার ব্যাডমিন্টন খেলোয়াড়ই হওয়ার কথা ছিল, নিদেন পক্ষে ছোট বোনের মতো গলফার। দীপিকা ব্যাডমিন্টন ভালোই খেলতেন, কিন্তু আকস্মিকভাবেই জীবনের মোড় ঘুরিয়ে মডেলিংয়ে নামেন।

Image

বলিউডে নিজের প্রথম সিনেমা ওম শান্তি ওম এ দীপিকা পাড়ুকোন

তারপর বলিউডের চোখ পড়ে তার উপর, ২০০৬ সালে ফারহা খানের ‘ওম শান্তি ওম’ এ সুযোগ পেয়ে যান তিনি, তাও মহাতারকা শাহরুখ খানের সঙ্গে। তারপর আর পেছনে ফিরতে হয়নি, তরতরিয়ে এগিয়েছে তার ক্যারিয়ার। বলিউড ছাড়িয়ে এখন হলিউডেরও তারকা তিনি। এবার ফিফা বিশ্বকাপের মহা আয়োজনের ট্রফি উন্মোচন হয় দীপিকার হাত দিয়েই।

Image

কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচনে দীপিকা পাড়ুকোন

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ এর পর ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাতেও জুটি বেঁধেছিলেন শাহরুখ-দীপিকা। এখন আসছেন পাঠান দিয়ে।

এনডিটিভি জানায়, বুধবার #আসকএসআরকে-র একটি পর্বে একজন টুইটার ব্যবহারকারী শাহরুখকে এক শব্দে তার সহকর্মী দীপিকাকে বর্ণনা করতে অনুরোধ করেন। জবাবে শাহরুখ বলেন, “তিনি এত ভালো, এটা অবিশ্বাস্য...”।

দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা প্রভাসও। তিনি তাদের আসন্ন সিনেমায় এই অভিনেত্রীর একটি ছবি শেয়ার করেছেন। ওই পোস্টারে দীপিকার ছবির ওপরে লেখা রয়েছে ‘এ হোপ ইন দ্য ডার্ক’ (আঁধারে এক টুকরো আশা)।

নাগ আশ্বিন পরিচালিত ওই সিনেমায় অমিতাভ বাচ্চনও অভিনয় করছেন। সিনেমার নাম যদিও এখনও প্রকাশ করা হয়নি, তবে প্রভাস নতুন সিনেমাকে ‘প্রজেক্ট কে’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রভাস লিখেছেন, “দারুণ ব্যক্তিত্ব ও মেধার অধিকারী দীপিকা পাড়ুকোনকে একটি চমৎকার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং একটি সাফল্যময় বছর কামনা করছি।”

Image

দীপিকা পাড়ুকোনের জয়রথ ছুটছে হলিউডেও, ভিন ডিজেলের সঙ্গে করেছেন ট্রিপল এক্স 

দিপিকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সকুন বাত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’, যার প্রযোজক করণ জোহর। স্বামী রণবীর সিংয়ের সিনেমা ‘সার্কাসে’ একটি গানে ক্যামিও ভূমিকায় সম্প্রতি দেখা দেছে দীপিকাকে।

আরও বেশ কয়েকটি সিনেমা নিয়ে দীপিকা এখন ব্যস্ত। তার মধ্যে রয়েছে অমিতাভ বাচ্চনের সঙ্গে ‘দ্য ইনটার্ন’ সিনেমার হিন্দি রিমেক এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’, যেখানে তার সহকর্মী ঋত্বিক রোশন। ‘সিংহাম এগেইন’ সিনেমাতেও দীপিকা কাজ করবেন বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন এর পরিচালক রোহিত শেঠি।

এছাড়া হলিউডে এসটিএক্স ফিল্মসের একটি সিনেমায় মূল ভূমিকায় দীপিকাকে দেখা যাবে বলে এনডিটিভি জানিয়েছে।