ভারতে ফিরছেন ইসরায়েলে আটকে পড়া অভিনেত্রী নুসরাত ভারুচা
দূতাবাসের সহায়তায় অভিনেত্রীকে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে।
ইসরায়েলে হামাসের হামলার পর সেখানে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা।
হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার প্রথম সিনেমসা ‘আকেল্লি’র স্ক্রিনিংয়ে অংশ নিতে সেখানে ছিলেন তিনি।
এই হামলার পরেই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি তার টিম ও পরিবার। খবর মিলেছে, একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নেওয়ায় সুরক্ষিত আছেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, নুসরাতকে ইতোমধ্যে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে ভারত সরকার।
নুসরাতের টিম এক বিবৃতিতে বলেছে, “আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। দূতাবাসের সহায়তায় তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তিনি সুস্থ আছেন এবং ভারতে ফিরছেন।”
এদিকে ইসায়েল সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলেছে, বিমানবন্দরে ঠিকই পৌঁছেছেন নুসরাত, কিন্তু বিশৃঙ্খলার কারণে বিমানে উঠতে পারেননি। আপাতত তিনি ভারতে ফেরার বিমানে ওঠার অপেক্ষায় আছেন।
