ইংল্যান্ড থেকে দেশে ফিরছেন হাসারাঙ্গা
ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ খেলা হলো না শ্রীলঙ্কার এই অলরাউন্ডারের।
পিঠের চোটে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দেশে ফিরছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ লেগ স্পিনিং অলরাউন্ডার।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের আগে অনুশীলনের সময় পিঠের নিচের অংশে অস্বস্তি অনুভব করেন হাসারাঙ্গা। এরপর টিম ম্যানেজমেন্ট তাকে ওই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিরিজের বাকি অংশ থেকেও তার ছিটকে পড়ার কথা জানানো হয় বৃহস্পতিবার। এ দিনই হেডিংলিতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল।
দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন ২৯ বছর বয়সি এই ক্রিকেটার।
চোটের কারণে হাসারাঙ্গার বারবার মাঠের বাইরে থাকার তালিকায় এটি নতুন সংযোজন। হ্যামস্ট্রিংয়ের চোটে তিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে পড়েন তিনি।
