২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিজয় দিবসে ‘বিনা টিকিটে’ মুক্তিযুদ্ধের সিনেমা দেখাবে প্রেক্ষাগৃহ

কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের নামও ঠিক করে দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

বিজয় দিবসে ‘বিনা টিকিটে’ মুক্তিযুদ্ধের সিনেমা দেখাবে প্রেক্ষাগৃহ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ এর একটি দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 09:22 PM

Updated : 14 Dec 2022, 09:22 PM

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সারা দেশে ‘বিনা টিকিটে’ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রেক্ষাগৃহগুলোতে বিনা মূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলামের সই করা এক চিঠিতে বলা হয়, প্রেক্ষাগৃহ ছাড়াও মিলনায়তন ও উন্মুক্ত স্থানে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করতে হবে। সেজন্য সংশ্লিষ্ট জেলা তথ্য অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন আয়োজকরা।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন সিনেমা হলে জেলা প্রশাসনের সহযোগিতায় বিনামূল্যে বাঙালি জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনাবাহী চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হচ্ছে।

“নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা এবং ইতিহাস তুলে ধরা সরকারের এই উদ্যোগের লক্ষ্য।”

প্রদর্শনের জন্য ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, দুটি প্রামাণ্যচিত্র এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্ধারণ করে দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হল 'চিরঞ্জীব মুজিব', 'আমার বন্ধু রাশেদ', 'গেরিলা', 'আগুনের পরশমণি', 'জয়যাত্রা' ও 'একজন মুক্তিযোদ্ধা'।

প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে 'বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়', 'হাসিনা: আ ডটার্স টেল' এবং 'ওমর ফারুকের মা'।