নচিকেতার নতুন গান
অনাদরে পড়ে থাকা একজন মানুষের হাহাকার উঠে এসেছে এই গানে।
‘সে একটা গাছ, চায় আদুরে হাতের আঁচ/ কারো কি তা মনে আছে/ বেশ কিছুদিন হলো, জল দেওয়া হয় না তো গাছে’- দুই বাংলার নন্দিত শিল্পী নচিকেতার নতুন গানের মুখ এটি, যা প্রকাশ পেয়েছে শুক্রবার।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল এই গানের কথায় গাছকে ব্যবহার করেছেন রূপক অর্থে। অনেকটা অনাদরে পড়ে থাকা একজন মানুষের হাহাকার উঠে এসেছে এই গানটির মাধ্যমে।
‘সে একটা গাছ’ সুর দিয়েছেন নচিকেতা নিজেই। তাতে সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী। বাংলাদেশের জুটি মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ পেয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গান প্রসঙ্গে নচিকেতা বলেন, “জুলফিকার রাসেলের গানের কাব্যময়তা বা সাহিত্যমান প্রসঙ্গে নতুন করে বলবার কিছু নেই।
“তবে এই গানটির ভাবধারা আমাদের দুজনার যে কোনও গানের চেয়ে বেশ আলাদা। এখানে আমরা গাছের মতো অসহায় একজন মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।”
জুলফিকার রাসেল বলেন, “নচিদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই একটু আলাদা। কারণ, তিনি গায়ক, সুরকারের পাশাপাশি অসাধারণ একজন গীতিকবিও বটে। ফলে তিনি কথার মর্ম বোঝেন এবং সেটার মূল্যায়ন করেন। এই গানটির কথাগুলো আমার অসম্ভব প্রিয়। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।”
নচিকেতা-জুলফিকার জুটির আরও বেশ কিছু গান নিয়মিতই প্রকাশ হবে জুটি মিউজিকের ব্যানারে, ধারাবাহিকভাবে, জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
