আবার মা হচ্ছেন রিহানা, উদর দেখিয়ে দিলেন খবর
গত বছর এসেছিল এই পপ তারকার প্রথম সন্তান।
বছর ঘুরতে না ঘুরতেই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন মার্কিন পপ তারকা রিহানা ফেন্টি; বাবা হবেন তার প্রেমিক এসাপ রকি।
‘সুপার বোল হাফটাইম শো’ এ পারফর্ম করার সময় তিনি উদরে হাত বুলিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন বলে বিবিসি ও সিএনএন জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, রিহানা অন্তঃসত্ত্বা অবস্থাতেই প্রায় ১৩ মিনিট ধরে গান শোনান।
‘সুপার বোল হাফটাইম শো’র শুরুতেই একটি ভাসমান প্ল্যাটফর্মে ভর করে মঞ্চে নেমে আসেন ৩৪ বছর বয়সী এই পপতারকা। সাদা পোশাক ও সানগ্লাস পরা উদ্যমী নৃত্যশিল্পীরা তাকে ঘিরে থাকে পুরোটা সময়।
‘বেটার হ্যাভ মাই মানি’ গানটি দিয়ে নিজের পারফরম্যান্স শুরু করে একে একে রুড বয়, আমব্রেলা, উই ফাউন্ড লাভ, ডায়ামন্ডস এর মতো হিট গানেও পারফরম্যান্স করেন তিনি।
সিএনএন জানিয়েছে, মঞ্চের লাল রঙের থিমের সাথে মিলিয়ে রিহানা বুস্টিয়ারের সঙ্গে একটি জাম্পস্যুট পরেছিলেন।
গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে এই শোতে একটি চমকের ইঙ্গিত ছিল রিহানার। তিনি বলেছিলেন, “কাউকে নিয়ে আসার কথা ভাবছি। এখনও নিশ্চিত না যদিও। দেখা যাক।”
স্বাভাবিকভাবেই ভক্তরা ধরে নিয়েছিল গায়িকা কোনো সহ-শিল্পীর কথা বলছেন। শোয়ে পারফর্ম করার সময় তার স্পষ্ট বেবি বাম্প দেখতে পাওয়ার পরই সে ভুল ভেঙে যায় দর্শকের।
মার্কিন র্যাপার এসাপ রকির ২০২০ সাল থেকে যৌথ যাপনে রয়েছেন রিহানা। গত বছরের মাঝামাঝি তাদের প্রথম সন্তান আসে।
