১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর ডি বর্মণের অপ্রকাশিত গান এল অ্যালবামে

পাঁচটির মধ্যে চারটি বাংলা গান ও একটি হিন্দি গান রাখা হয়েছে অ্যালবামে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 02:44 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

ভারতীয় সুরকার রাহুল দেব বর্মনের জন্মদিন তার অপ্রকাশিত পাঁচটি গান নিয়ে প্রকাশ পেয়েছে নতুন অ্যালবাম। 

বৃহস্পতিবার ছিল এই সুরকার-শিল্পীর ৮৫তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে তার সুর করা উসসুরকারের 

করা পাঁচটি গান নিয়ে প্রকাশ হয়েছে পঞ্চম শিরোনামের একটি অ্যালবাম। 

এতে চারটি বাংলা গান ও একটি হিন্দি গান রাখা হয়েছে।  

রাহুল দেববর্মণ, যিনি আর ডি বর্মণ হিসেবে বেশি পরিচিত, তিনি এই গানগুলো সুর করেছেন ৪০ বছর আগে একটি সিনেমার জন্য। কিন্তু গানগুলো সে সময় আলোর মুখ দেখেনি। 

‘পঞ্চমনামা’ অ্যালবামের গানগুলো গেয়েছেন তার স্ত্রী আশা ভোঁশলে, ছেলে অমিত কুমার, সংগীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, স্বপ্না মুখোপাধ্যায়, জোজো নাথালিয়া। 

 ‘চোখে চোখে’ গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার শানু এবং আশা ভোঁশলে। ‘ভালোবাসা ভালোবাসা’ গানটি গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। আশা এককভাবে গেয়েছেন ‘খেলিস কেন দিদিভাই’। 

অমিত কুমার এবং স্বপ্না মুখোপাধ্যায় গেয়েছেন ‘আমি তুমি দুজনাতে’। আর ‘তেরা দিল মেরা হুয়া’ হিন্দি গানটি গেয়েছেন জোজো।

গানগুলো শোনা যাবে ‘ফ্লিক্সবাগ মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে।

বাংলা গানের কর্তা হিসেবে খ্যাত শচীন দেববর্মণের পুত্র রাহুলের জন্ম হয় ১৯৩৯ সালের ২৭ জুন। তার মা মীরা দেববর্মন খ্যাতিমান গীতিকার। রাহুলের ডাকনাম পঞ্চম। 

বহু জনপ্রিয় হিন্দি, বাংলা আধুনিক ও চলচ্চিত্রের গানের সুরকার ও সংগীত পরিচালক আর ডি বর্মণ। 

তিনি সংগীত পরিচালনায় ক্যারিয়ার শুরু করেন ১৯৬১ সালে ছোটে নবাব সিনেমায়। 

পরের তিন দশকের বেশি সময় ধরে তার সুরেই জনপ্রিয়তা লাভ করেছে ইয়াদোঁ কি বারাত, গোলমাল, খুবসুরত, সনম তেরি কসম, শোলে, রকির মতো সিনেমার গানগুলো।

এছাড়া রমেশ সিপ্পি পরিচালিত অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জয়া ভাদুড়ী, হেমা মালিনী অভিনীত সিনেমা ‘শোলে’ মুক্তি পায় ১৯৭৫ সালে। অন্যতম ব্লকবাস্টার হিট হিসেবে বিবেচিত এই সিনেমার সংগীত পরিচালনা করেন আর ডি বর্মণ।