ফোন এসে পড়ল মুখে, মঞ্চ ছাড়লেন বিবি রেক্সা
পপ তারকার ক্ষতস্থানে তিনটি সেলাই লেগেছে।
মার্কিন পপ তারকা বিবি রেক্সা গানের মাঝখানেই মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হলেন। কনসার্ট চলার সময় এক শ্রোতার ছুড়ে মারা স্মার্টফোন এই সংগীতশিল্পীর মুখে আঘাত করলে আহত হন তিনি।
বিবিসি জানিয়েছে, শনিবার নিউ ইয়র্কে একটি কনসার্টে গান করার সময় হঠাৎ দর্শকদের মধ্যে থেকে ছুড়ে মারা একটি ফোনসেট বিবির মুখের এক পাশে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি হাঁটু গেড়ে মঞ্চে বসে পড়েন।
এর পরপরই তাকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। ওই সময় বিবি রেক্সা ব্যাথার স্থানটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। তাকে ব্যাথায় কাতর দেখাচ্ছিল।
অনলাইনে পোস্ট করা ভিডিও চিত্রে দেখা গেছে, নিরাপত্তাকর্মীরা একজনকে ভিড়ের ভেতর থেকে বের করে নিয়ে যাচ্ছে রেক্সাকে এবং ভক্তরা চিৎকার করে বলছিলেন, ‘এটা একটা আক্রমণ’।
বিবিসি এ বিষয়ে বিবি রেক্সার মন্তব্য জানার চেষ্টা করলেও এখনও কিছু জানতে পারেনি।
তবে গসিপ ওয়েবসাইট ‘পপ বেইজে’র বরাতে তারা জানিয়েছে, বিবির মায়ের সঙ্গে পপ বেইজের কথা হয়েছে এবং তিনি জানিয়েছেন পপ তারকা চিকিৎসা নিয়েছেন এবং ক্ষতস্থানে তিনটি সেলাই লেগেছে।
নিউ ইয়র্কের পিয়ার ১৭ তে ওই কনসার্টে নিজের অংশের গান শেষ করছিলেন বিবি রেক্সা, যখন এই ঘটনাটি ঘটে।
অনুষ্ঠানটি যেভাবে শেষ হয়েছে তা নিয়ে ভক্ত-দর্শকরা, যারা কনসার্টে গিয়েছিলেন, বেশ হতচকিত মনোভাব প্রকাশ করেছেন। এই তারকার দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।
