সংগীতে এক সঙ্গে এক দশকের গল্প বললেন সাহানা-স্যমন্তক
কিসের টানে একসঙ্গে সংগীতে, সাক্ষাৎকারে তা নিয়ে অকপট হয়েছেন জনপ্রিয় এই তারকা জুটি।
সায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে বিচ্ছেদের পর ঢাকা ছেড়ে শান্তিনিকেতন গিয়ে স্যমন্তক সিংহের সঙ্গে জুটি বেঁধে সংগীতে নতুন যাত্রা শুরু করেন সাহানা বাজপেয়ী। সে যাত্রার সময়কাল এক দশক।
সাহানা-স্যমন্তকের এই দশককালের সংগীতযাপনের গল্প প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।
কিসের টানে একসঙ্গে সংগীতে, সাক্ষাৎকারে তা নিয়ে অকপট হয়েছেন জনপ্রিয় এই তারকা জুটি।
ভৌগোলিক দূরত্ব তাদের ক্ষেত্রে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। লন্ডনে অধ্যাপনার পাশাপাশি সাহানা ফোনেই সংযোগ রেখে চলেন স্যমন্তকের সঙ্গে। শান্তিনিকেতনের বাড়িতে এলে সঙ্গী হন স্যমন্তকও। জুটি বেঁধে শো করে বেড়ান গোটা বিশ্বে।
এই জুটির একসঙ্গে একাধিক মৌলিক কিংবা রবীন্দ্রসংগীতের গানের অ্যালবামও রয়েছে। অথচ গায়কী আলাদা, সাজপোশাকেও দুইজন ভিন্ন মানুষ-বিরামহীন পাশাপাশি চলছে পথ।
২০০৮ সালে অর্ণবের সঙ্গে বিচ্ছেদের পর গান গাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন সাহানা। স্যমন্তকই কি তার মাঝে নতুন করে গাওয়ার প্রেরণা তৈরি করেছিলেন কি না- প্রশ্নে সাহানা বলেন, “অধ্যাপনা, গবেষণার চাপে অনেকটা সময় গান ছেড়ে ছিলাম। ইচ্ছাও করত না গাইতে। তাছাড়া, সমমনস্ক শিল্পীও তেমন পাইনি। স্যমন্তকের জন্যই আবার গান গাওয়া শুরু। ওর সঙ্গে আমার গানবাজনার ভাবনা, পরিধিও অনেকটা মেলে। ২০১৪ সালে মৌলিক গানের অ্যালবাম ‘শিকড়’ বেরোল। স্যমন্তকের মিউজিক ছিল। পরের কাজগুলোরও তাই। এই ভাবেই চলতে থাকল।”
সাহানার সাজপোশাক থেকে শুরু করে সবই অন্যদের চোখে ‘সাবেকি’। অন্যদিকে স্যমন্তকের পোশাকের বেলায় ‘মুডি’। সাধারণত ব্যান্ড সংগীতই বেশি করেন স্যমন্তক। অন্যদিকে রবীন্দ্রসংগীতই বেশি গেয়ে থাকেন সাহানা।
দর্শকদের অনেকেরই ধারণা করছেন স্যমন্তক-সাহানা হচ্ছেন নতুন অর্ণব-সাহানা জুটি- এমন কথার প্রতিক্রিয়ায় সাহানা বলেন,“তাই নাকি! এটা হঠাৎ করে কেন হচ্ছে, জানি না। আমরা তো ১০ বছর ধরে একসঙ্গে গানবাজনা করছি। ভাবতেই পারছি না, আমাদের নিয়ে এ সব চর্চা হয়! সেই সময়টা পেরিয়ে এসেছি। আমি এখন অন্য মানুষ।”
অর্ণবের সঙ্গে বিচ্ছেদের পর লন্ডনেই থিতু সাহানা। বিয়ে করেছেন রিচার্ড হেরেটকে। তাদের একটি মেয়েও রয়েছে।
সাহানার সঙ্গে নিজের সম্পর্কের ধরন বোঝাতে স্যমন্তক বললেন, তাদের ‘জার্নিটা’ খুবই মিউজিক্যাল। যোগাযোগটাও পারিবারিক।
“আমরা তো ছোট থেকে কুমার শানু-অলকা ইয়াগনিক বা উদিত নারায়ণ-অলকা ইয়াকনিকের গান শুনেছি। তাদের মধ্যে তো প্রেম ছিল না। গানের জুটিই তো হিট।”
অর্ণবের সঙ্গে কেউ তার তুলনা করলে সেটিকে সৌভাগ্য মনে করেন এ গায়ক। তার কথায়, “যে কারণে এই তুলনাটা আসছে, সেটা ঠিক নয়। প্রেম নেই আমাদের মাঝে। ওটা ছাড়া আর সবটাই আছে। আমাদের জার্নিটা খুবই মিউজিকাল।”
বর্তমানে পিএইচডি নিয়ে ব্যস্ত রয়েছেন সাহানা। স্যমন্তক মনোনিবেশ করেছেন নিজের ব্যান্ডের কাজে। তবে বাংলা নববর্ষে কলকাতায় একসঙ্গে পারফর্ম করতে দেখা গেছে জনপ্রিয় এই জুটিকে।
