২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতার ঝুলন্ত লাশ; কাজ না পেয়ে আত্মহত্যার সন্দেহ

ভারতের দক্ষিণী কয়েকজন অভিনয়শিল্পী আত্মহত্যা করেছেন গত এক বছরে।

অভিনেতার ঝুলন্ত লাশ; কাজ না পেয়ে আত্মহত্যার সন্দেহ

সম্পথ জে রাম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 10:27 PM

Updated : 24 Apr 2023, 10:42 PM

ভারতে গত এক বছরে কয়েকজন দক্ষিণী তারকার আত্মহত্যার শোক সামলে ওঠার মধ্যেই আরও এক কন্নড় টিভি তারকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সম্পথ জে রাম নামে এই অভিনেতা কাজ না পাওয়ার হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

শনিবার বেঙ্গালুরুর নেলমঙ্গলাতে নিজের বাসা থেকে ৩৫ বছর বয়সী এ অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন সম্পথ। আশানুরূপ কাজের অফার পাচ্ছিলেন না বলে এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হন তিনি।

জনপ্রিয় এ অভিনেতা ‘অগ্নিসাক্ষী’,‘শ্রী বালাজি ফটো স্টুডিও’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেন।

গত জানুয়ারি মাসেই মুক্তি পেয়েছিল শ্রী বালাজি ফটো স্টুডিও সিনেমাটি। সিনেমার পরিচালক রাজেশ ধ্রুব সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ নোটের সাথে অভিনেতার মৃত্যুর সংবাদ জানিয়েছেন।

এছাড়াও অনেক বন্ধু ও সহকর্মী তার আকস্মিক মৃত্যুতে সমাবেদনা প্রকাশ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

বছরখানেক আগে বিয়ে করেছিলেন সম্পথ। রোববার তার শেষকৃত্য হয়েছে।