২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

সুপারমডেল সিন্ডি ক্রফোর্ডের ছেলে প্রেসলি গারবার আর নেই

পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই মার্কিন মডেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 04:10 PM

Updated : 21 Sep 2026, 04:10 PM

যুক্তরাষ্ট্রের সুপারমডেল সিন্ডি ক্রফোর্ড ও ব্যবসায়ী রান্ডে গারবার দম্পতির বড় ছেলে মডেল প্রেসলি গারবার মারা গেছেন।

সিবিএস নিউজ বলছে, রোববার একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ২৭ বছর বয়সি এই তরুণ মারা যান; তবে তার মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলে ডেডলাইন ডটকম জানিয়েছে।

এক বিবৃতিতে সন্তানের মৃত্যুর খবর জানিয়ে এই গভীর বেদনা এবং দুঃসময়ে তাদেরকে একান্তে নিজেদের মত করে থাকতে দেওয়ার অনুরোধ জানিয়েছে সিন্ডি ক্রফোর্ডের পরিবার।

মায়ের পথ ধরে ফ্যাশন জগতেই ক্যারিয়ার গড়েছিলেন প্রেসলি। মাত্র ১৬ বছর বয়সে ‘মস্কিনো’র রানওয়ে শোয়ের মাধ্যমে মডেলিং শুরু করেন তিনি।

পরবর্তীতে ‘আইএমজি মডেলস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। কাজ করেন বারবেরি ও ডলচে এন্ড গাবানার মত বিশ্বখ্যাত ব্র্যান্ডের হয়ে। ২০১৮ সালে পেপসির এক বিজ্ঞাপনে মা সিন্ডি ক্রফোর্ডের সাথেও অভিনয় করেন প্রেসলি; ২৫ বছর আগে মায়ের করা পেপসির কালজয়ী এক বিজ্ঞাপনেরই পুনর্নির্মাণ ছিল সেটি।

পেশাগত সফলতার পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্য ও মাদকের আসক্তি নিয়ে সবসময়ই খোলামেলা কথা বলেছেন প্রেসলি।

২০২৩ সালে ‘স্টুডিও ২২’ পডকাস্টে তিনি বলেছিলেন, "মানসিক স্বাস্থ্য, বিষণ্ণতা এবং এর আনুষঙ্গিক নানা সমস্যায় ভুগেছি। আমি যে জায়গা পার করে এসেছি, সেখান থেকে যদি একজনকে বা একশো জনকে বের করে আনতে পারি, তাহলেই আমার কাজ সার্থক।"

আলোচনায় থাকা এই মডেল সেসময় আরও বলেছিলেন করেছিলেন, "আমি অনেক কিছু দেখেছি এবং শিখেছি। আমি চাই, আমার ভুলগুলো দেখে যেন অন্য কেউ অন্তত একই ভুলের পুনরাবৃত্তি না করে।"

মাদকাসক্তিজনিত সমস্যা নিয়ে গত মাসেই এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন প্রেসলির বোন ও মডেল কায়া গারবার।

তিনি বলেছিলেন, "পরিবারে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, তখন তা প্রতিটি সদস্যের ওপরই গভীর প্রভাব ফেলে।"