দুরন্ত টিভির ৫ দিনের ঈদ আয়োজন
নাটক, সঙ্গীত, বাংলায় ডাবিং করা বিদেশি সিনেমাসহ নানা আয়োজন দেখা যাবে।
কোরবানির ঈদ উপলক্ষে পাঁচ দিনের অনুষ্ঠান সাজিয়েছে শিশুদের জন্য বিশেষায়িত বেসরকারি টেলিভিশন স্টেশন দুরন্ত। নাটক, সঙ্গীত, বাংলায় ডাবিং করা বিদেশি সিনেমাসহ নানা আয়োজন দেখা যাবে এই টিভিতে।
হৈ হৈ হল্লা-সিজন ২: এবারের ঈদে সম্পূর্ণ নতুন রূপে আসছে উৎসবের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ২’। নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। ঈদের ১ম দিন থেকে ৫ম দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে ‘হৈ হৈ হল্লা-সিজন ২’ ধারাবাহিক নাটকটি দেখা যাবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য্য, ঋ, কাওসার। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহনাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমনসহ অনেকে।
দুরন্তপনা: গানের অনুষ্ঠান ‘দুরন্তপনা' ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত প্রচারিত হবে বিকাল ৫টা ৩০ মিনিট ও রাত ৮টায়। । পাঁচটি পর্বে মোট ১০ জন শিশুশিল্পী অংশ নেবে। প্রতি পর্বে দুজন করে শিল্পী বাদ্যযন্ত্রীদের সাথে জনপ্রিয় ব্যান্ডের দুইটি বাংলা গান ও একটি ইংরেজি গান পরিবেশন করবে।
সঙ্গীতশিল্পী হিসেবে থাকছে-সুহা রাইফা সাইদ, ফাহমিদ ওয়াসি তন্ময়, সামাহ ফাতিহা সাইদ, রুপকথা বড়ুয়া, উক্তি অধিকারী, অর্পিতা সরকার, অচিন্ত্য অর্ণব সরকার, রাফায়েল বারীদ ফোরকান, সিলভিয়া আক্তার ইতি ও শ্রেয়ন্তী পাল। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফরিদা লিমা।
এছাড়া দুরন্তপনা ব্যান্ড শো দেখা যাবে ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে।
বিদেশি ৫ সিনেমার প্রিমিয়ার
ঈদে ৫টি সিনেমা বাংলায় সম্প্রচার করবে দুরন্ত। ‘ফিলিক্স অ্যান্ড দ্য ট্রেজার অফ মর্গা’ সিনেমার বাংলা প্রিমিয়ার দেখা যাবে ঈদের দিন বিকাল ৩টায়।
ঈদের দ্বিতীয় দিন বিকাল ৩টায় দেখা যাবে ‘ফিজেটি ব্রাম'। ‘আলফি দ্য লিটল ওয়্যারউলফ’ সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে ঈদের তৃতীয় দিন বিকেল ৩টায়্
‘আইস ড্রাগন’ সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে ঈদের চতুর্থ দিন বিকাল ৩টায়। আর শেষ দিন বিকাল ৩টায় প্রচার হবে ‘আওলস অ্যান্ড মাইস’ সিনেমা।
