Published : 29 Aug 2023, 01:52 PM
‘হিচকি’, ‘মার্দানি’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’- বলিউডের তারকা অভিনেত্রী রানী মুখার্জির এই সিনেমাগুলো বারবার দেখিয়েছে, সমাজে বিপ্লব আনতে পারে নারী। নারীকেন্দ্রিক সিনেমা জনপ্রিয় হয়েছে বারবার। বর্তমান সময়ে জনপ্রিয় হওয়া ‘ওটিটি’ মাধ্যম নিয়ে রানির ভাষ্য হল, নারী চরিত্রকে শক্তিশালী করে তাদের অবস্থান বদলে দিচ্ছে স্ট্রিমিং সেবাটি।
বলিউডের কাজল, মাধুরী দিক্ষীত, হালের নায়িকা আলিয়া ভাটসহ আরও কয়েকজন অভিনেত্রী ওটিটিতে পা দিলেও রানি এখনও এ পথে আসেননি। তবে ওটিটি নিয়ে আশাবাদী নব্বই দশকের এই নায়িকা।
পিংকভিলা বলছে, এক সাক্ষাৎকারে রানি মুখার্জি ওটিটি নিয়ে তার ভাবনার কথা খুলে বলেছেন।
রানি বলেন, “প্রশ্ন উঠেছে বলিউড ইন্ডাস্ট্রিতে একটু বয়স হলেই অভিনেত্রীদের কাজের সুযোগ কমে আসে। আমি মনে করি ওটিটি যদি ঠিকঠাক চলে, তাহলে হয়ত বৈষম্য দূর হবে। নারী চরিত্রকে শক্তিশালী করে তুলে ধরছে ওটিটি। আমি মনে করি অভিনেত্রীদের অবশ্যই মাধ্যম নিয়ে চিন্তা করার সময় এসেছে।“
এর আগে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী এই ‘বৈষম্য’ নিয়ে কথা বলে আলোচনায় আসেন।
এক সময়ের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী সরাসরি অমিতাভ বচ্চনের নাম ধরে বলেন, “আজকাল ভালো সুযোগ কোথায়? আজও অভিনেত্রীদের মাথায় রেখে ভালো স্ক্রিপ্ট লেখা হয় না। কেবল পুরুষ অভিনেতাদের নিয়ে ভাবা হচ্ছে। মিস্টার অমিতাভ বচ্চন এখনও এত দুর্দান্ত চরিত্র পান, সেগুলি বিশেষভাবে তার জন্য লেখা হয়। কিন্তু আজ অবধি অভিনেত্রীদের জন্য এমন বিশেষ ভূমিকা লেখা হয়নি।”
কী ধরনের চরিত্র রানিকে অনুপ্রাণিত করে– এই প্রশ্নে তিনি বলেন, “আমাদের সমাজে একজন নারীকে শোষণ করা হয় বহু পন্থায়। সব সময় এ ধরনের চরিত্র আমাকে অনুপ্রাণিত করে। নারীরা নিঃশব্দে প্রতিদিনের জীবনযাত্রায় যে নায়কোচিত কাজ করে চলেছেন, তা তাদের উদযাপন করা উচিৎ।“
রানীর ভাষ্য, দর্শক সব সময় রুপালি পর্দায় নারীর সাহসিকতার কাহিনী দেখতে পছন্দ করেন।
নবীন পরিচালকদের প্রসঙ্গেও রানি কথা বলেছেন। তিনি বলেন,“ক্যারিয়ারে কয়েকজন নবাগত নির্মাতার সঙ্গে আমি কাজ করেছি। সত্যি বলতে, তাতে আমারই লাভ হয়েছে।“
রানির মতে, নতুন পরিচালকদের ক্ষিদে থাকে ভালো কাজ করার, নিজেকে আলাদা পরিচয়ে তুলে ধরার। কারণ ওই সব নির্মাতারা ক্যারিয়ারের প্রথম সিনেমা করে ইন্ডাস্ট্রিতে এক স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে চান।
পরিচালক করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় কাজ করেছিলেন রানি, সিনেমাটি সুপারহিট হয়েছিল। ওই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন করণ।
এ ছাড়া তিনি সাদ আলীর প্রথম কাজ ‘সাথিয়া’, গোপী পুথরণের ‘মর্দানি টু’ সিনেমায় অভিনয় করেছেন।
রানী মনে করেন, প্রাণশক্তিতে ভরপুর এসব তরুণ পরিচালক তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন।
বেছে বেছে কাজ করা রানির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমা মুক্তি পায় চলতি বছরের ১৭ মার্চ। পরে নেটফ্লিক্সেও আসে সিনেমাটি।
নির্মাতা অসীমা ছিব্বার ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-সিনেমাটি তৈরি করেছেন একটি সত্য ঘটনা অবলম্বনে। একজন মা তার সন্তানের জন্য কতদূর যেতে পারেন তা দেখিয়েছে এই সিনেমা। চলচ্চিত্রটি সবমহলে জনপ্রিয়তাও পেয়েছে। এই অভিনেত্রীর আগামী সিনেমা ‘মার্দানি থ্রি’।